দু’দিনের সফরে মরিশাসে মোদী, সর্বোচ্চ সম্মান পেলেন দেশের প্রধানমন্ত্রী!

দুই দিনের কূটনৈতিক সফরে মরিশাসে পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে দ্বীপরাষ্ট্রের রাজধানী পোর্ট লুইসের বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখানে মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম ও তাঁর গোটা মন্ত্রিসভা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। মরিশাসের প্রধান বিচারপতিরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন মোদীকে স্বাগত জানাতে।
আগামী ১২ মার্চ মরিশাসের ৫৭তম জাতীয় দিবস পালিত হবে। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর, বিমানবন্দরে দেখা হতেই নবীন রামগুলাম গলা জড়িয়ে ধরেন মোদীকে। মরিশাস সরকারের পক্ষ থেকে তাঁকে ‘গার্ড অব অনার’ সম্মান জানানো হয়।
এই সফরে মোদী মরিশাসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন। সরকারি সূত্রের খবর, কমপক্ষে ২০টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ভারত ও মরিশাসের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করাই এই সফরের অন্যতম উদ্দেশ্য।
সফরের ঠিক আগেই ভারতের INS Imphal যুদ্ধজাহাজ মরিশাসে পৌঁছে গিয়েছে। সূত্রের খবর, মরিশাসের জাতীয় দিবস উপলক্ষে এক বিশেষ সামরিক মহড়ায় অংশ নেবে ভারতীয় নৌবাহিনী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতেই এই সামরিক মহড়া।
প্রধানমন্ত্রী মোদীর এবারের সফর তাঁর পঞ্চম মরিশাস সফর। এর আগে ১৯৯৮ সালে বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকাকালীন প্রথমবার মরিশাস যান তিনি। ২০১৫ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার কূটনৈতিক সফরে যান এই দ্বীপরাষ্ট্রে।
দুই দেশের সম্পর্ক মজবুত করতে এই সফর কতটা কার্যকরী হয়, তা এখন সময়ই বলবে।