SPORTS: ২০২৭ বিশ্বকাপে থাকবেন কি রোহিত শর্মা ? নিজেই দিলেন প্রশ্নের উত্তর

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শুরুর আগের দিন থেকেই ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মার অবসর নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তিনি ওই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে রোববার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই কি তিনি এক দিনের ক্রিকেটকেও বিদায় জানাবেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেট মহলে। তবে দুবাইয়ে ট্রফি হাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “এক দিনের ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছি না।”

যদিও সম্প্রচারকারী চ্যানেল ‘জিয়োহটস্টার’-এর এক সাক্ষাৎকারে রোহিত ২০২৭ বিশ্বকাপ নিয়ে খানিক রহস্য রেখে বলেছেন, “এখনও ঠিক করিনি ওই বিশ্বকাপে খেলব কি না।” ফাইনালের পর তিনি আরও বলেন, “পরিস্থিতি যেমন আসবে, তেমনভাবে সিদ্ধান্ত নেব। খুব বেশি দূরে তাকাতে চাই না। এই মুহূর্তে আমার লক্ষ্য ভালো খেলা আর সঠিক মানসিকতা বজায় রাখা। কোনও সীমারেখা টানতে চাই না। তাই ২০২৭ বিশ্বকাপ নিয়ে এখন কিছু বলতে চাই না।”

রোহিতের এই মন্তব্যে অবসরের গুঞ্জন কিছুটা থামলেও ভক্তদের মনে নতুন কৌতূহল জাগিয়েছে। তিনি জানিয়েছেন, “ক্রিকেটজীবনে আমি সবসময় এক-একটা ধাপ এগিয়েছি। ভবিষ্যতের দিকে বেশি তাকাই না, অতীতেও তাকাইনি। এখন আমি ক্রিকেট উপভোগ করছি, দলের সঙ্গে সময় কাটাতে চাই। আশা করি সতীর্থেরাও আমার উপস্থিতিতে খুশি। সেটাই আমার কাছে আসল।”

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যান অব দা ম্যাচ হয়ে রোহিত সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। টুর্নামেন্টের আগের ম্যাচগুলোয় বড় রান না পেলেও আগ্রাসী শুরু এনে দিয়েছেন দলকে। তবে ২০২৭ বিশ্বকাপের কথা ভাবলে তার নিয়ে সংশয় থেকেই যায়। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ওই টুর্নামেন্ট। ততদিনে রোহিতের বয়স হবে প্রায় ৪০। দল গঠনের পরিকল্পনা ও তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার কথা ভাবলে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

তবে রোহিতের কথায় স্পষ্ট, তিনি এখনই এই দল ছেড়ে যাওয়ার কথা ভাবছেন না। “এখন আমি দলের সঙ্গে সময় উপভোগ করতে চাই,” বলে তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন। অবসরের গুঞ্জন এখন থামলেও ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকবেন কি না, সেই প্রশ্নের উত্তর এখনও রহস্যের আড়ালে।