৩৬ ডিগ্রির গরম মাথায় নিয়ে খেলতে হবে দোল! বৃষ্টির সম্ভবনা কতটা? দেখুন আবহাওয়া দপ্তর কি বলছে

মার্চ মাসের শুরুতে গরমের দাপটে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। ভোরের হালকা শীতল হাওয়া দিন গড়াতেই উধাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দোল উৎসবের সময়েও এই গরম থামার লক্ষণ নেই। বরং আগামী কয়েকদিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় পারদ ৩৮ ডিগ্রিতেও পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রা ক্রমাগত বাড়বে। আগামী ৪-৫ দিনে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রাও ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। গতকাল সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪০% থেকে ৯৪% থাকায় গরমের অনুভূতি আরও অস্বস্তিকর।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সংকেত নেই। তবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি শুরু হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য জেলাগুলিতে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির প্রবণতা বাড়বে। দোলের দিন শুক্রবারেও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টির আভাস রয়েছে।
বসন্ত উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর। কিন্তু আবহাওয়ার দাপটে উৎসবের আমেজে পড়তে পারে ছেদ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরমের সঙ্গে আর্দ্রতার সংমিশ্রণে অস্বস্তি বাড়বে। রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় বিরূপ প্রভাব পড়তে পারে স্বাস্থ্যে। নাগরিকদের পর্যাপ্ত জলখাবার ও সূর্যের তেজ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে গরম আর উত্তরবঙ্গে বৃষ্টির খেলায় মাতাবে প্রকৃতি। কিন্তু কলকাতাবাসীর জন্য দোলের রঙ খেলায় প্রয়োজন বাড়তি সতর্কতা।