“পবিত্র রমজানে কাশ্মিরে অশ্লীল ফ্যাশন শো”-মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিলেন কড়া পদক্ষেপ

শ্রীনগর: চলছে রহমত, মাগফেরাত আর নাজাতের পবিত্র মাস মাহে রমজান। রোজা ইসলামের মৌলিক ইবাদতগুলোর অন্যতম, যা সারা বিশ্বের মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকেন। কিন্তু এই পবিত্র মাসেই জম্মু ও কাশ্মিরের গুলমার্গে আয়োজিত একটি ফ্যাশন শোকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে বরফের মধ্যে অনুষ্ঠিত এই অনুষ্ঠানকে অশ্লীল বলে চিহ্নিত করা হয়েছে, যা জনমানসে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, গুলমার্গের স্কি রিসোর্টে আয়োজিত এই ফ্যাশন শো রাজ্যের রাজনৈতিক ও ধর্মীয় মহল থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, অর্ধনগ্ন পুরুষ ও নারীরা পাতলা পোশাক পরে র‍্যাম্পে হাঁটছেন, যা সমালোচকদের মতে রাজ্যের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি চরম অবমাননা।

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, “এই ধরনের ঘটনায় জনগণের ক্ষোভ এবং আঘাত সম্পূর্ণরূপে বোধগম্য। আমি যে ছবিগুলো দেখেছি, তাতে স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রকাশ পেয়েছে, তাও আবার এই পবিত্র মাসে। আমার কার্যালয় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং আমি ২৪ ঘণ্টার মধ্যে একটি রিপোর্ট চেয়েছি। এর ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি এই মন্তব্য শ্রীনগরের জামে মসজিদের প্রধান খতিব ও হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুকের একটি পোস্টের জবাবে করেছেন।

মিরওয়াইজ উমর ফারুক এই ফ্যাশন শোকে ‘অপমানজনক’ আখ্যা দিয়ে বলেছেন, “পবিত্র রমজান মাসে গুলমার্গে একটি অশ্লীল ফ্যাশন শো আয়োজন করা হয়েছে, যার ছবি ও ভিডিও ভাইরাল হয়ে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও শোকের জন্ম দিয়েছে। সুফি ও সাধু সংস্কৃতির জন্য বিখ্যাত এই উপত্যকায় এমন ঘটনা কীভাবে সহ্য করা যায়? জড়িতদের অবিলম্বে জবাবদিহি করতে হবে। পর্যটন প্রচারের নামে এই ধরনের অশ্লীলতা কাশ্মিরে সহ্য করা হবে না।”

এই ঘটনা কাশ্মিরজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সমাজকর্মী রাজা মুজাফফর ভাট এটিকে কাশ্মিরের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ ধ্বংসের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তিনি একটি অনলাইন পোস্টে লিখেছেন, “পবিত্র রমজানে গুলমার্গে এই নগ্ন ফ্যাশন শো-এর অনুমতি কে দিয়েছে? অর্ধনগ্ন পুরুষ ও নারীরা তুষারের ওপর হাঁটছে। পর্যটন বিভাগ ও জিডিএ কি এ বিষয়ে আলোকপাত করবেন? কেন আমাদের নৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করতে বদ্ধপরিকর?”

এই ফ্যাশন শোটি মূলত শিভান ও নারেশ নামে একটি ফ্যাশন লেবেলের ১৫তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত হয়েছিল। তবে এর সময় ও প্রকৃতি নিয়ে স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ওমর আবদুল্লাহ জানিয়েছেন, তিনি ইতিমধ্যে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

রমজানের পবিত্রতা ও স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রক্ষার দাবি উঠেছে জম্মু ও কাশ্মিরের বিভিন্ন মহল থেকে। এই ঘটনা পর্যটন প্রচার ও ধর্মীয় সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য রক্ষার গুরুত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।