সুদে আসলে টাকা বেড়ে ২০ গুণ! চড়া সুদের বোঝা সহ্য করতে না পেরে আত্মঘাতী CPM- নেত্রীর স্বামী

চড়া সুদের বোঝা সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন সিপিএমের প্রাক্তন প্রধানের স্বামী মকবুল হোসেন। নদিয়ার চাপড়া থানার গোখুরাপোতা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তাঁর আত্মহত্যার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত সুদ কারবারিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে খবর, মকবুল হোসেন গ্রামেরই কয়েকজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলেন। কিন্তু সুদে-আসলে মিলে সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ২০ গুণ!
এরপর পাওনাদাররা লাগাতার চাপ দিতে থাকেন। অভিযোগ, রবিবার রাতে তাঁরা অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে চড়াও হন এবং টাকা না দিলে তাঁকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন।
গ্রামবাসীদের অভিযোগ, মকবুল হোসেন এর আগেও সুদ কারবারিদের চাপ সহ্য করতে না পেরে এক বিঘা জমি জোর করে রেজিস্ট্রি করে দিতে বাধ্য হন। তা সত্ত্বেও ঋণের বোঝা কমেনি। পাওনাদাররা লাগাতার আরও টাকা দাবি করতে থাকেন।
সোমবার ভোর রাতে মকবুল হোসেনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। তিনি একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন, যেখানে সুদ কারবারিদের নাম উল্লেখ রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাপড়া থানার পুলিশ। তবে মৃতদেহ উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয়। অভিযুক্ত সুদ কারবারিদের গ্রেফতারের দাবিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। গ্রামবাসীদের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং এই চড়া সুদের কারবার বন্ধ করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
এই ঘটনার পর এলাকায় চড়া সুদের কারবার ও গ্রামীণ অর্থনীতিতে এর প্রভাব নিয়ে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে।