গৌতম গম্ভীরের কোচিংয়ে জয় ভারতের, ‘নতুন ধোনি’ পেলো টিম ইন্ডিয়া

বুর্জ খলিফার ছায়ায় ভারতের আরও এক ঐতিহাসিক জয়। গৌতম গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এবং ভারতীয় ক্রিকেট পেয়েছে নতুন ‘ম্যাচ ফিনিশার’। গম্ভীর কোচ হওয়ার পর দলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিলেন। সেই পরিবর্তনগুলির মধ্যে অন্যতম ছিল লোকেশ রাহুলকে উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলানো।
চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় স্কোয়াডে উইকেটকিপার-ব্যাটার বিকল্প হিসেবে লোকেশ রাহুল ও ঋষভ পন্থ ছিলেন। যদিও টেস্টে প্রথম পছন্দ ছিলেন পন্থ, তবুও ওডিআইতে গম্ভীর ভরসা রেখেছিলেন রাহুলের ওপর। সেই সিদ্ধান্ত একেবারে সঠিক প্রমাণিত হয়েছে।
এই টুর্নামেন্টে রাহুল ৫টি ম্যাচ খেলেছেন এবং ৪ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পান। তিনটিতেই তিনি অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এমন পারফরম্যান্সই তাকে নতুন ধোনি উপাধি এনে দিয়েছে।
অনেকে রাহুলের ঠান্ডা মাথার ব্যাটিংকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করছেন। যেমনভাবে ধোনি শেষ পর্যন্ত ক্রিজে থাকার চেষ্টা করতেন এবং দলকে জিতিয়ে ফিরতেন, ঠিক তেমনটাই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে করেছেন রাহুল।
গম্ভীর হেড কোচ হওয়ার পর অক্ষর প্যাটেলকে পাঁচ নম্বরে ও রাহুলকে ছয় নম্বরে খেলানোর সিদ্ধান্ত নেন। এই কৌশল সফল হয় এবং ভারতীয় দল তার ফল পেয়েছে। রাহুলকে ছয়ে খেলানোর ফলে টিম ইন্ডিয়া একজন নির্ভরযোগ্য ম্যাচ ফিনিশার পেয়েছে।
গম্ভীরের পরিকল্পনা ও রাহুলের ঠান্ডা মাথার ব্যাটিং ভারতকে মিনি বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে সাহায্য করেছে। গম্ভীরের অধীনে ভারতীয় দলে নতুন দৃষ্টিভঙ্গি এসেছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। টিম ইন্ডিয়া কি তবে সত্যিই নতুন ধোনিকে খুঁজে পেল? সময়ই দেবে তার উত্তর!