হাম্পিতে ইজরায়েলি পর্যটকদের উপর নৃশংস হামলা, গণধর্ষণের শিকার হন তারা

ভারতে ফের বৈদেশিক পর্যটকদের উপর নৃশংস হামলার ঘটনা। কর্ণাটকের ঐতিহ্যবাহী স্থান হাম্পিতে ঘটে গেল এক ভয়ংকর অপরাধ। গত ৬ মার্চ, বৃহস্পতিবার রাতে দুই ইজরায়েলি মহিলা পর্যটক এবং তাঁদের সঙ্গে থাকা এক ভারতীয় মহিলা গণধর্ষণের শিকার হন। অভিযুক্তরা শুধু এখানেই থামেনি, তাঁদের সঙ্গে থাকা এক বিদেশি যুবককে মারধরও করা হয়। রবিবার সেই যুবকের মৃতদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে দুই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশি অভিযানে তিনজন গ্রেফতার
এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুইজন এবং রবিবার মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে আরও কেউ এই ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, হাম্পি থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি হোমস্টেতে উঠেছিলেন ওই ইজরায়েলি পর্যটকরা। বৃহস্পতিবার রাতে হোমস্টের মালিকের সঙ্গে নৈশভোজ সেরে বাইরে ঘুরতে বেরিয়েছিলেন তাঁরা। তখনই তিনজন যুবক বাইকে করে এসে তাঁদের উত্যক্ত করা শুরু করে। এরপরই ঘটে মর্মান্তিক এই ঘটনা।
পুলিশি তদন্ত জোরকদমে চলছে
এই ঘটনায় কর্ণাটক পুলিশ দ্রুত তদন্তে নেমেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে এই ঘটনার পর। প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিলেও, পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটাই এখন বড় প্রশ্ন।