রোহিত-বিরাটদের ঐতিহাসিক জয়ের রাতে মধ্যপ্রদেশে অশান্তি, বিজয় মিছিল ঘিরে সংঘর্ষ

দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান! রবিবার দুবাইয়ের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলল ভারত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ২০০০ সালে যে ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের গ্লানি ছিল, এবার সেই বদলা নিল রোহিত শর্মার ভারত। দেশজুড়ে এই ঐতিহাসিক জয়ের উদযাপনে উচ্ছ্বাসের জোয়ার। জাতীয় পতাকা হাতে মিছিল, ঢাক-ঢোল বাজিয়ে উল্লাস—ভারতের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে বিজয়োৎসবের আবহ। তবে এমনই এক উদযাপনের মধ্যে অপ্রত্যাশিতভাবে উত্তেজনার সৃষ্টি হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর জেলার মহোও এলাকায়।
উদযাপনের মিছিলে পাথর ছোড়ার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি
মহোও-তে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে বের হওয়া মিছিলে আচমকা পাথর ছোড়ার অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, সংঘর্ষের জেরে আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি যানবাহনে। আতঙ্কে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিশাল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়।
প্রশাসনের প্রতিক্রিয়া ও তদন্ত
ইন্দোরের কালেক্টর আশিস সিং জানিয়েছেন, ‘‘পরিস্থিতি রাতেই নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে এলাকায় শান্তি ফিরেছে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কীভাবে সংঘর্ষ শুরু হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।’’ এক পুলিশ আধিকারিকের মতে, ভারতের জয়ের আনন্দ মিছিলের সময় দুই পক্ষের মধ্যে বিবাদ বাঁধে, যা পরে পাথর ছোড়া ও অগ্নিসংযোগে রূপ নেয়।
ভারতের ক্রিকেট জয় নিয়ে এমন অপ্রীতিকর ঘটনার পর প্রশাসন কড়া নজর রাখছে পরিস্থিতির ওপর। আপাতত এলাকায় শান্তি ফিরলেও, আরও বিশদ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।