মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ১৪ জন

মধ্যপ্রদেশের সিধি জেলায় গতকাল গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। উতনি পেট্রোল পাম্পের কাছে একটি ট্রাক (বাল্কার) ও একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং ১৪ জনেরও বেশি আহত হয়েছেন।
ডিএসপি গায়ত্রী তিওয়ারি জানিয়েছেন, ‘‘গতকাল রাত ২টা নাগাদ আমরা দুর্ঘটনার খবর পাই। একটি বাল্কার, যা সিধি থেকে বাহরি যাচ্ছিল, সেটির সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’’
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিক অনুমান অনুযায়ী, গাড়ির গতি বেশি থাকায় সংঘর্ষের তীব্রতা অত্যন্ত বেশি ছিল।
এদিকে, দুর্ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
এই দুর্ঘটনা আবারও সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেছে। প্রশাসনের তরফ থেকে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।