লক্ষী ভান্ডারের ১০০০ টাকা থেকে কেন ৭০০ টাকা পাচ্ছেন এই মহিলা?-জানুন রহস্য

রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় অভিযোগ উঠল। অভিযোগ, প্রকল্পের টাকা তুলতে গিয়ে প্রতিবারই ৩০০ টাকা করে কেটে নিচ্ছে এক ব্যবসায়ী।

ঘুটিয়ারিশরিফের বাসিন্দা আকলিমা গাজি, যিনি ক্যানিং মহকুমার এক হোটেলে রান্নার কাজ করেন, অভিযোগ করেন যে, রাজীব নামে এক সাইবার ক্যাফে ব্যবসায়ী তাঁর লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলতে সাহায্য করার নাম করে প্রতিবারই ৩০০ টাকা করে রেখে দিচ্ছেন।

তিনি জানান, প্রতি মাসে ১০০০ টাকা পাওয়ার কথা থাকলেও, তিনি হাতে পান মাত্র ৭০০ টাকা। এমনকি, এই মাসে পুরো টাকাটাই কেটে নেওয়া হয়েছে।

অভিযোগকারী আকলিমা গাজি বলেন,”আমি যখন টাকা তুলতে যাই, তখন ও আমাকে ৭০০ টাকা দেয়, বলে ৩০০ টাকা কেটে নিয়েছে। এই মাসে তো পুরো টাকাটাই মেরে দিয়েছে। অন্য জায়গায় চেক করে দেখি, ৭ তারিখেই আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে!”

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সমিতি ও পঞ্চায়েত সদস্যদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আকলিমা গাজি।

মাতলা ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ দাস বলেন,”এই অভিযোগ খুবই গুরুতর। আমরা অভিযুক্ত ব্যবসায়ীকে ডেকেছি এবং তদন্ত শুরু হবে। অভিযোগ সত্যি হলে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।”

এ ঘটনায় স্থানীয় মহিলাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এই ধরনের কাটমানি কি শুধু একজনের ক্ষেত্রেই হয়েছে, নাকি আরও অনেক মহিলা প্রতারিত হচ্ছেন? প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।