CT ফাইনালে রোহিতের দুরন্ত ইনিংসে জয় ভারতের! খুশিতে বাবাকে ছাড়তেই চাইলো না সামাইরা

বিশ্ব ক্রিকেটের মঞ্চে ভারতের দাপট অব্যাহত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা জিতল ভারত। ফাইনালে অধিনায়ক রোহিত শর্মার ৭৬ রানের ইনিংসই ভারতীয় জয়ের ভিত গড়ে দেয়। দুরন্ত ব্যাটিংয়ের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হন ‘হিটম্যান’।

ক্রিকেট মাঠে যিনি ভয়ঙ্কর প্রতিপক্ষ, তিনিই আবার মাঠের বাইরে একেবারে অন্যরকম। রোহিত শর্মার স্নেহশীল দিক দেখা গেল চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর। জয়ের উচ্ছ্বাসে যখন গোটা দল মেতে, তখন রোহিত স্ত্রী ঋতিকা সাজদেহ ও মেয়ে সামাইরার সঙ্গে আবেগঘন মুহূর্ত কাটান। বাবা-মেয়ের স্নেহময় মুহূর্ত দেখে গ্যালারিতে হাসি ধরে রাখতে পারেননি ঋতিকা।

অধিনায়ক রোহিতের পাশাপাশি সাবেক অধিনায়ক বিরাট কোহলিও ছিলেন পারিবারিক মেজাজে। ট্রফি জয়ের পর স্ত্রী অনুষ্কা শর্মার জন্য জলের বোতল খুলে দেন তিনি। ম্যাচ শেষে একাধিকবার আলিঙ্গন করেন অনুষ্কাকে। মাঠের ভেতর কঠোর প্রতিযোগিতা থাকলেও, মাঠের বাইরে ক্রিকেটারদের এই দিক মুগ্ধ করেছে সমর্থকদের।

নিউজিল্যান্ডের দেওয়া ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল শুরুতেই রোহিত শর্মার ৭৬ রানের ইনিংসে এগিয়ে যায়। কেএল রাহুল অপরাজিত ৩৪ রান করে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন, আর জাদেজার ব্যাট থেকে আসে উইনিং রান।

ম্যাচ শেষে রোহিত বলেন, ‘আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ক্রিকেট খেলেছি। তাই এই জয় আমাদের সবার জন্য স্পেশাল।’ অন্যদিকে বিরাট কোহলি বলেন, ‘দারুণ জয়! কঠিন অস্ট্রেলিয়া সফরের পর আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম, আর এই তরুণ দল সেটা করে দেখিয়েছে।’

২০০২ ও ২০১৩ সালের পর এটি ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এই জয় আরও একবার প্রমাণ করল, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল।