‘সৌগত রায় কোথায়?’ রোহিতকে ‘মোটা’ বলা TMC সাংসদকে খুঁজছে নেটিজেনরা!

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে ‘মোটা’ বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেস নেত্রী শামা আহমেদ। তাঁর সেই বক্তব্যের পক্ষে সমর্থন জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দমদমের সাংসদ সৌগত রায়। কিন্তু দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্লো উইকেটে রোহিতের দুর্দান্ত অধিনায়কচিত ব্যাটিং ভারতকে আরও একটি আইসিসি ট্রফি এনে দেওয়ায় সমালোচকদের মুখে চুনকালি পড়েছে। জয়ের পর অভিনন্দন জানাতে বাধ্য হলেও সৌগত রায় এখন সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ এতটাই তীব্র যে, অনেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে সৌগত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। এর আগে শামা আহমেদের মন্তব্যের সমর্থনে সৌগত বলেছিলেন, “আমি শুনেছি সাম্প্রতিককালে রোহিত শর্মার ফর্ম খুব খারাপ। তিনি একটি সেঞ্চুরি করেছেন। তাছাড়া তিনি ২, ৩, ৪, ৫ রানেই আউট হয়ে যান। তাঁর দলে থাকার যোগ্যতা নেই। ভারত জিতছে কারণ অন্যান্য খেলোয়াড়রা ভালো খেলছেন, অধিনায়কের কোনও অবদান নেই। শামা মহম্মদ যা বলেছেন তা সত্যি।” কিন্তু ফাইনালে রোহিতের পারফরম্যান্সের পর এই মন্তব্যের জন্য সৌগতকেই এখন সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
ফাইনালের পর সাফাই সৌগতর
ভারতের জয়ের পর সৌগত রায় সাফাই দিয়ে বলেছেন, “সব ভারতীয়র মতো আমিও আনন্দিত। আমি বলেছিলাম, রোহিত শর্মা ভাল খেলছে না। দলে সুযোগ পাওয়া উচিত নয়। তবে আজ রোহিত শর্মা খুব ভাল খেলেছে। তাকে অভিনন্দন। ভারতের জয়ে ওরও কৃতিত্ব রয়েছে। আমি খুশি হতাম, যদি সেঞ্চুরি করতে পারত। আগে খেলতে পারছিল না, তখন সমালোচনা করেছিলাম। আজ ভাল খেলেছে, অভিনন্দন জানাচ্ছি।” তবে এই সাফাই দিয়েও তিনি ট্রোলের হাত থেকে রেহাই পাননি।
বিজেপির কটাক্ষ, জনতার ক্ষোভ
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও এই ঘটনায় আসরে নেমেছে। বিজেপি নেত্রী কেয়া ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “রোহিতের এমন বিধ্বংসী ব্যাটিং-এর পেছনে কংগ্রেসের শামা আহমেদ ও তৃণমূলের সৌগত রায়ের ভূমিকা সবচেয়ে বেশি।” রাজনৈতিক তরজার পাশাপাশি সাধারণ মানুষও সৌগতর বক্তব্য নিয়ে ট্রোল করতে ছাড়ছেন না। অনেকে মনে করেন, শামা আহমেদ ও সৌগত রায় দুজনেরই রোহিতের কাছে ক্ষমা চাওয়া উচিত।
শামার ড্যামেজ কন্ট্রোল, সৌগতর পথ কী?
শামা আহমেদ ইতিমধ্যে তাঁর পুরনো পোস্ট মুছে ফেলে ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। তবে সৌগত রায় সেই পথে হাঁটবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। রোহিতের নেতৃত্বে ভারতের ট্রফি জয়ের পর তাঁর সমালোচকদের মুখ বন্ধ হলেও, রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে এই বিতর্ক এখনও জিইয়ে রয়েছে।
সাধারণ মানুষের একাংশের মতে, রোহিত শর্মার প্রতি এই অপমানজনক মন্তব্যের জন্য দুই নেতারই শাস্তি হওয়া উচিত। তবে এই ঘটনা কোন দিকে মোড় নেবে, সেটাই এখন দেখার।