লক্ষ লক্ষ টাকা প্রতারণা?- গ্রেফতার TMC নেতা, “রাজনৈতিক ষড়যন্ত্র”-বলে দাবি শিবনাথের

নদিয়ার কৃষ্ণনগর থেকে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা শিবনাথ চৌধুরীকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তিনি কৃষ্ণনগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সহ-সভাপতির পদে ছিলেন এবং একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে দায়িত্বে ছিলেন। এদিন কোতোয়ালী থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়।
শিবনাথ চৌধুরী তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর টাউন সভাপতি এবং কালিনগর সোসাইটির চেয়ারম্যানের পদেও ছিলেন। তবে, তার গ্রেফতারি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। শিবনাথের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুযায়ী, তিনি কৃষ্ণনগরের বেশ কিছু মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছেন, কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই।
অভিযুক্ত তৃণমূল নেতা দাবি করেছেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এবং এই সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “আমি যখন ওই পদে ছিলাম, তখন কিছু লোক আমার কাছে টাকা ফেরত না পেয়ে অভিযোগ করেছিলেন। কিন্তু পরে তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে।” শিবনাথ আরও দাবি করেন, “সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনের পর থেকেই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক ষড়যন্ত্র।”
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, শিবনাথের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি কৃষ্ণনগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সহ-সভাপতির পদে থাকাকালীন কিছু মানুষকে অর্থ প্রদান করতে না পেরে তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। যদিও শিবনাথ নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং এই গ্রেফতারির পিছনে রাজনৈতিক কারণে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন।
এদিকে, এই ঘটনায় কৃষ্ণনগরের নাগরিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিরোধীরা শিবনাথের গ্রেফতারির ঘটনাকে তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্থিরতার ইঙ্গিত হিসেবে দেখছেন, তবে শিবনাথের দাবি অনুযায়ী, এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দ্বারা চালানো চক্রান্ত।