‘ম্যানিয়্যাক’ গানে নারীকে পণ্যের সঙ্গে তুলনা, ফের আইনি বিপাকে হানি সিং

ভারতের জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের নতুন গান ‘ম্যানিয়্যাক’ মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে। গানটির কথা ও উপস্থাপনা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে, যেখানে বলা হচ্ছে এটি অশ্লীলতার প্রচার করছে এবং নারীদেরকে যৌন পণ্য হিসেবে তুলে ধরছে। এই অভিযোগ এখন আইনি রূপ নিয়েছে, এবং হানি সিংয়ের সঙ্গে গানের সংশ্লিষ্ট অন্যান্য শিল্পীদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ম্যানিয়্যাক’ গানটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী নিতু পাটনা। তার দাবি, গানটির কথা সরাসরি যৌনতার ইঙ্গিত বহন করে এবং নারীদেরকে অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছে। গানে ব্যবহৃত কিছু ভোজপুরি পঙ্‌ক্তি বিশেষভাবে আপত্তিজনক বলে তিনি উল্লেখ করেছেন। নিতুর অভিযোগ, এই পঙ্‌ক্তিগুলো পাটনার সংস্কৃতিকে ভুলভাবে তুলে ধরছে এবং নারীদের উন্নয়নের প্রচেষ্টাকে পিছিয়ে দিচ্ছে। তিনি বলেন, “এই গান নারীদের উন্নয়নকে জানালা দিয়ে ছুড়ে ফেলেছে।”

অভিযোগে হানি সিংয়ের পাশাপাশি গানের গীতিকার লিয়ো গ্রেওয়াল, ভোজপুরি সংগীতশিল্পী রাগিনী বিশ্বকর্মা এবং অর্জুন আজনবির নামও উল্লেখ করা হয়েছে। নিতু মনে করেন, এই গানের প্রভাব সমাজের ওপর নেতিবাচকভাবে পড়তে পারে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ভুল বার্তা ছড়াতে পারে। তিনি গানটির উপর নিষেধাজ্ঞা জারির দাবিও জানিয়েছেন।

এই গানে ভোজপুরি ভাষার ব্যবহার নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, গানের কিছু লাইন—যেমন ভোজপুরি পঙ্‌ক্তিগুলো—সংস্কৃতি ও নৈতিকতার সীমা লঙ্ঘন করেছে। এই বিষয়টি পাটনার স্থানীয় সংস্কৃতির প্রতি অসম্মানজনক বলেও সমালোচনা উঠেছে।

এদিকে, হানি সিং বা তার টিমের পক্ষ থেকে এখনো এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আইনি প্রক্রিয়া এগিয়ে চলেছে এবং চলতি মাসের শেষের দিকে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আদালত কী রায় দেয়, তা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

হানি সিং এর আগেও তার গানের কথা নিয়ে বিতর্কে জড়িয়েছেন। ‘ম্যানিয়্যাক’ গানটি ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা পেলেও, এই অভিযোগ তার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এখন দেখার বিষয়, এই বিতর্কে শিল্পীর ভবিষ্যৎ কী দিকে মোড় নেয়।