বলিউডের প্রতি হতাশ অনুরাগ কাশ্যপ, জানালেন ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত!

গতবছর থেকেই গুঞ্জন চলছিল যে চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) বলিউড থেকে সরে দাঁড়াবেন। এবার সেই গুঞ্জন সত্যি করে তিনি আনুষ্ঠানিকভাবে বলিউড ছাড়ার ঘোষণা দিলেন। হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির (Hindi Film Industry) প্রতি নিজের হতাশার কথা আবারও প্রকাশ করে তিনি বলেন, “আমি চলচ্চিত্র জগতের লোকজনের কাছ থেকে দূরে থাকতে চাই। ইন্ডাস্ট্রিটা খুব বিষাক্ত হয়ে গেছে। সবাই অবাস্তব লক্ষ্যের পেছনে ছুটছে, ৫০০ কিংবা ৮০০ কোটি টাকার ছবি বানানোর দৌড়ে নেমেছে। সৃজনশীলতা এখন আর গুরুত্ব পাচ্ছে না।”

গত বছরের ডিসেম্বরে দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ বলেছিলেন যে তিনি “এই ইন্ডাস্ট্রির প্রতি বিরক্ত ও হতাশ।” তার মতে, চলচ্চিত্র নির্মাতারা এখন শৈল্পিক স্বাধীনতার পরিবর্তে বাণিজ্যিক সাফল্যের জন্যই বেশি চাপের মুখে পড়ছেন।

তবে পরিচালক হিসেবে নয়, এবার অভিনেতা হিসেবে পর্দায় দেখা যাবে অনুরাগ কাশ্যপকে। তিনি আসছেন “ডাকইট” ছবিতে, যেখানে এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। হিন্দি ও তেলেগু— দুই ভাষায় তৈরি এই ছবিতে তার সঙ্গে থাকছেন আদিবী শেষ ও মৃণাল ঠাকুর। তবে ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।