মহাকুম্ভে ভাগ্য বদল, নৌকা চালিয়েই মাত্র ৪৫দিনে ৩০ কোটি টাকা আয় প্রয়াগরাজের পিন্টুর!

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভে এক নৌকাচালকের জীবনের মোড় ঘুরে গেল। মাত্র ৪৫ দিনেই ৩০ কোটি টাকা উপার্জন করেছেন পিন্টু মহারা নামের এই নৌকাচালক। তাঁর সাফল্যের কাহিনি এতটাই চমকপ্রদ যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই তা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

১৪৪ বছর পর আয়োজিত এই মহাকুম্ভে কোটি কোটি মানুষ ভিড় জমিয়েছিলেন গঙ্গার পবিত্র সঙ্গমে স্নান করতে। এই সুযোগ বুঝেই বড়সড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেন পিন্টু মহারা।

মহাকুম্ভের আগে তাঁর নৌকার সংখ্যা ছিল ৬০টি, যা তিনি বাড়িয়ে ১৩০টি করেন।মহাকুম্ভ চলাকালীন প্রতিদিন প্রতিটি নৌকা ৫০-৫২ হাজার টাকা আয় করত।৪৫ দিনে প্রতিটি নৌকার মোট আয় দাঁড়ায় প্রায় ২৩ লক্ষ টাকা।১৩০টি নৌকা মিলিয়ে তাঁর মোট আয় দাঁড়ায় প্রায় ৩০ কোটি টাকা!

এবারের মহাকুম্ভ উত্তরপ্রদেশ সরকারের জন্যও রেকর্ড আয় এনেছে। সরকারের হিসাবে মহাকুম্ভে ৪ লক্ষ কোটি টাকা আয় হয়েছে। শুধু প্রশাসন বা বড় ব্যবসায়ী নয়, ছোট ব্যবসায়ীরাও এখানে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন।

এই বিপুল অর্থ উপার্জন করে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎও সুরক্ষিত করেছেন পিন্টু মহারা। তাঁর সাফল্যের কাহিনি এখন গোটা দেশে আলোড়ন ফেলেছে।

মহাকুম্ভ শুধুমাত্র এক ধর্মীয় উৎসব নয়, এটি যে ব্যবসায়িক ও আর্থিক দিক থেকেও কত বড় সুযোগ তৈরি করতে পারে, তারই উদাহরণ হয়ে থাকবেন প্রয়াগরাজের এই নৌকাচালক!