ভূতুড়ে ভোটার চিহ্নিতকরণে অভিযান, ধরে ধরে বাতিল হচ্ছে নাম!

ভূতুড়ে ভোটারদের শনাক্ত করতে সক্রিয় হলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। রবিবার শিবপুরে দলীয় কর্মীদের সঙ্গে ভোটার তালিকা পর্যালোচনা করে তিনি জানান, একাধিক ভুয়ো ভোটারের সন্ধান মিলেছে।
মন্ত্রী অভিযোগ করেন, একই ব্যক্তির নামে দুটি ভোটার কার্ড রয়েছে, কেউ কেউ অন্য রাজ্যে বা জেলায় চলে গেলেও এখানকার তালিকা থেকে নাম বাদ দেননি, ফলে তাঁরা দু’জায়গাতেই ভোট দিচ্ছেন। এই তালিকা প্রস্তুত করে জেলা শাসকের কাছে জমা দেওয়া হবে, যাতে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত তালিকা থেকে ভূতুড়ে নামগুলি বাদ যায়।
এছাড়া, নতুন ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আরও কড়া স্ক্রুটিনির দাবি জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, অনলাইনে আবেদনের পর সংশ্লিষ্ট আধিকারিকরা সঠিকভাবে যাচাই করে তবেই যেন নাম অন্তর্ভুক্ত করেন। এই বিষয়ে বিভিন্ন বিধানসভা এলাকা থেকে জেলা শাসকের কাছে আনুষ্ঠানিক দাবি জমা দেওয়া হবে।