অনুব্রত মন্ডলের বাড়িতে CBI, দেখা মিলল না তৃণমূল নেতার

বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। আজ, সোমবার সন্ধ্যায় তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের চিনার পার্কের বাড়িতে যায় সিবিআই।

জানা যাচ্ছে, সিবিআইয়ের আধিকারিক সেখানে গিয়ে জানতে চান অনুব্রত মন্ডল সেখানে আছেন কিনা। অনুব্রত সেখানে নেই জানতে পেরে কখন তিনি বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তা জানতে চায় সিবিআই। কিন্তু নিরাপত্তা রক্ষীর থেকে সব প্রশ্নের উত্তর না পেয়ে ফের নিজাম প্যালেসে ফিরে যায় সিবিআই।

প্রসঙ্গত, গরু পাচারকাণ্ডে নবমবারের মতো সিবিআই তলবে গরহাজির রইলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। কলকাতায় এলেন, নিজাম প্যালেসের অদূরে এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষাও করালেন।

চিকিৎসকেরা জানাল তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে না। কিন্তু তারপরও সিবিআই দফতরে না গিয়ে সোজা বোলপুরের পথে রওনা হলেন অনুব্রত মন্ডল। প্রশ্ন উঠেছে, তাহলে অনুব্রত মন্ডলকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে এবার তবে কোন পথে হাঁটবে সিবিআই ?