ল্যাপটপের ক্যামেরা হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে, জেনেনিন কিছু লক্ষণ

বর্তমান সময়ে ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য গ্যাজেট হয়ে উঠেছে। পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজ, সব ক্ষেত্রেই ল্যাপটপের ব্যবহার বেড়েছে। ডেস্কটপ কম্পিউটারের তুলনায় ল্যাপটপ সহজে বহনযোগ্য হওয়ায় এটি অত্যন্ত জনপ্রিয়। তবে এই সুবিধার পাশাপাশি ল্যাপটপের ওয়েবক্যাম নিয়ে নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে।

অনেক সময় ভিডিও কল, লাইভ স্ট্রিমিং বা ভিডিও গেম খেলার সময় ল্যাপটপের ওয়েবক্যাম অন থাকে। এই সুযোগে ম্যালওয়্যার বা ভাইরাস কম্পিউটারে প্রবেশ করতে পারে। বিশেষ করে যারা নিয়মিত লাইভ স্ট্রিমিং বা ভিডিও গেম খেলেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি থাকে।

কীভাবে বুঝবেন ওয়েবক্যাম হ্যাক হয়েছে?
১. ক্যামেরার আলো জ্বলছে: যদি দেখেন ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করছেন না, কিন্তু ওয়েবক্যামের আলো জ্বলছে, তাহলে এটি একটি বিপদ সংকেত। এটি ইঙ্গিত দেয় যে কেউ আপনার ক্যামেরা নিয়ন্ত্রণ করছে।
২. অপ্রত্যাশিত ফাইল বা সফটওয়্যার: যদি আপনার ল্যাপটপে হঠাৎ করে নতুন ফাইল আসতে শুরু করে বা বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোডের অপশন দেখায়, তাহলে সতর্ক হোন। এটি হতে পারে হ্যাকারদের কাজ।
৩. পপ-আপ বিজ্ঞপ্তি: মাঝেমধ্যে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করার জন্য পপ-আপ বিজ্ঞপ্তি আসলে তা হ্যাকিংয়ের লক্ষণ হতে পারে।

কীভাবে সুরক্ষিত থাকবেন?
১. ওয়েবক্যাম বন্ধ রাখুন: অফিস বা ব্যক্তিগত কাজ শেষে সব সময় ওয়েবক্যাম বন্ধ করে রাখুন। এটি হ্যাকারদের থেকে সুরক্ষা দেবে।
২. অ্যান্টিভাইরাস ব্যবহার করুন: একটি নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করুন এবং নিয়মিত আপডেট রাখুন।
৩. সফটওয়্যার আপডেট করুন: ল্যাপটপের অপারেটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যার নিয়মিত আপডেট করুন। এটি নিরাপত্তা ঝুঁকি কমাতে সাহায্য করবে।
৪. অজানা লিঙ্ক এড়িয়ে চলুন: ইমেল বা মেসেজে অজানা লিঙ্ক বা অ্যাটাচমেন্ট খোলা থেকে বিরত থাকুন। এটি ম্যালওয়্যার প্রবেশের একটি সাধারণ পদ্ধতি।

সতর্কতা অবলম্বন করুন
ল্যাপটপের ওয়েবক্যাম আমাদের জীবনকে সহজ করলেও এটি নিরাপত্তা ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে। তাই ওয়েবক্যাম ব্যবহারের সময় সতর্ক থাকুন এবং প্রয়োজন না হলে এটি বন্ধ রাখুন। সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন হয়ে নিজের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষা করুন।

(সূত্র: নিউজ ১৮)