বাংলায় শুরু হবে রান্নার গ্যাসের পাইপ বসানোর কাজ, জেনেনিন ঠিক কোথার থেকে শুরু হবে প্রথম লাইন

গত এক বছরেরও বেশি সময় ধরে আটকে থাকা কলকাতার গ্যাস লাইন প্রকল্প এবার ফের গতি পেতে চলেছে। খবরে জানা গেছে, আগামী মার্চ থেকে ইএম বাইপাসের কাছে কালিকাপুর থেকে যাদবপুর থানা পর্যন্ত ৪ কিলোমিটার এলাকায় গ্যাস পাইপলাইন বসানোর কাজ শুরু হবে। বেঙ্গল গ্যাস কোম্পানির সিইও অনুপম মুখোপাধ্যায় বলছেন, দুর্গাপুজোর আগেই এই কাজ শেষ হয়ে যেতে পারে।

তবে কি এবার কলকাতার ঘরে ঘরে পাইপের মাধ্যমে গ্যাস পৌঁছে যাবে? বেঙ্গল গ্যাস জানাচ্ছে, এখনই তেমন কিছু হচ্ছে না। আগে পুরো পাইপলাইনের কাজ শেষ হবে, তারপরই গ্যাস সরবরাহ শুরু হবে। আসলে, রাস্তা খোঁড়ার খরচ নিয়ে জটিলতার কারণে এতদিন এই প্রকল্প থমকে ছিল।

কথা হচ্ছে, রাজ্যের অন্য জায়গায় গ্যাস পাইপলাইনের জন্য রাস্তা খুঁড়তে যে খরচ লাগে, কলকাতা পুরসভা এলাকায় সেটা প্রায় পাঁচ গুণ বেশি। রিপোর্ট বলছে, কলকাতায় এক মিটার রাস্তা খুঁড়তে খরচ পড়ে ৮৪৫ টাকা। এই খরচ নিয়ে বেঙ্গল গ্যাস আর কলকাতা পুরসভার মধ্যে চিঠিচাপাটি চলছিল। তবে এখন সিদ্ধান্ত হয়েছে, মার্চ থেকে পুরসভার নির্ধারিত রেটেই ৪ কিলোমিটার রাস্তা খুঁড়ে পাইপ বসাবে বেঙ্গল গ্যাস।

রিপোর্টে আরও জানা গেছে, এই সপ্তাহের মধ্যেই ওই ৪ কিলোমিটার এলাকার খোঁড়াখুঁড়ির খরচের হিসেব পুরসভা বেঙ্গল গ্যাসের হাতে তুলে দেবে। সেই টাকা জমা দিয়ে মার্চ থেকে কাজ শুরু করবে তারা। কলকাতায় মোট ৪০০০ থেকে ৪৫০০ কিলোমিটার পাইপলাইন বসানোর পরিকল্পনা রয়েছে বেঙ্গল গ্যাসের। এই খোঁড়াখুঁড়ির জন্য তাদের বাজেট ৭০০ কোটি টাকা। কিন্তু পুরসভার রেটে গেলে এই টাকায় কাজ শেষ করা কঠিন বলেই মনে করা হচ্ছে।

এদিকে, বেঙ্গল গ্যাস গয়েশপুরের পর ব্যারাকপুরে লাইন আনতে চায়। এই জট খুলতে তারা শিল্পসচিব বন্দনা যাদবকে চিঠি দিয়েছে। অন্যদিকে, হুগলির মগরা থেকে উলুবেড়িয়া পর্যন্ত পাইপ বসানোর কাজ এগোচ্ছে। শোনা যাচ্ছে, হুগলির দু-তিনটি পুরসভা এলাকায় পুজোর আগে, আর নদিয়ার কল্যাণী ও উত্তর ২৪ পরগনার কয়েকটি পুর এলাকায় পুজোর পর থেকে পাইপে রান্নার গ্যাস সরবরাহ শুরু হতে পারে।