ট্রলিব্যাগে পিস পিস করা পিসিশাশুড়ির লাশ নিয়ে ট্রেনে চাপে মা-মেয়ে, ভয়ঙ্কর ঘটনায় তাজ্জব সবাই!

মঙ্গলবার সকালে কলকাতার আহিরীটোলা ঘাটে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসে। দুই মহিলার হাতে থাকা একটি নীল ট্রলিব্যাগে লুকানো ছিল এক মহিলার খণ্ডিত দেহ। প্রথমে তাঁরা কিছুতেই স্বীকার করতে চাননি, কিন্তু ব্যাগ খুলতেই সত্য বেরিয়ে পড়ে। পুলিশ তৎক্ষণাৎ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়, এবং জিজ্ঞাসাবাদে একের পর এক তথ্য উঠে আসে।
তদন্তে জানা গেছে, ধৃতরা হলেন ফাল্গুনী ঘোষ ও তাঁর মা আরতি ঘোষ। তাঁদের কাছ থেকে পাওয়া ট্রেনের টিকিট দেখে পুলিশ জানতে পারে, তাঁরা উত্তর ২৪ পরগনার কাজীপাড়া থেকে পার্ক সার্কাস পর্যন্ত এসেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই ট্রলিব্যাগটি নিয়েই তাঁরা ট্রেনে চড়েছিলেন।
মৃত মহিলার নাম সুমিতা ঘোষ, যিনি ফাল্গুনীর পিসিশাশুড়ি। অভিযোগ, তাঁকে খুন করে দেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরা হয়েছিল। ঘটনাটি মধ্যমগ্রামের একটি ভাড়া বাড়িতে ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে, যেখানে ফাল্গুনী ও আরতি থাকতেন। কিন্তু খুনের কারণ এখনও স্পষ্ট নয়, পুলিশ তা খতিয়ে দেখছে।
জয়েন্ট সিপি (ক্রাইম) রুপেশ কুমার জানিয়েছেন, সুমিতা ঘোষের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, ফাল্গুনী ও আরতি দেহটি আহিরীটোলা ঘাটে গঙ্গায় ফেলে লোপাট করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু স্থানীয়রা সকালে তাঁদের সন্দেহজনক আচরণ দেখে ধরে ফেলে, এবং ঘটনা ফাঁস হয়ে যায়।