মার্কিন USAID-এর অনুদান নিয়ে বিতর্কের ঝড়, ১৬০০ কর্মী ছাঁটাই করে দিলেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (USAID)-এর অনুদান নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এরই মধ্যে সদ্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনার মুখে পড়েছে এই সংস্থা। রবিবার এক চাঞ্চল্যকর ঘোষণায় ট্রাম্প USAID-এর ১৬০০ কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, যেসব কর্মী আমেরিকার বাইরে কাজ করছেন, তাঁদের সবেতন ছুটি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তিনি।
এই ঘোষণার পর মার্কিন যুক্তরাষ্ট্রে তোলপাড় শুরু হয়েছে। একটি ইমেল এই বিতর্ককে আরও উসকে দিয়েছে। ইমেলে লেখা হয়েছে, “দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে ফোর্স অ্যাকশনে কমতির কারণে আপনার ওপরও এই পদক্ষেপ প্রযোজ্য হচ্ছে।” জানা গেছে, এই নোটিশ পাওয়া কর্মীরা আগামী ২৪ এপ্রিল থেকে ছাঁটাইয়ের তালিকায় যুক্ত হবেন। USAID-এর কর্মীদের মধ্যে নেতৃত্বস্থানীয় ব্যক্তি ও গুরুত্বপূর্ণ স্টাফও এই তালিকায় রয়েছেন। উল্লেখ্য, USAID বিদেশে মার্কিন অনুদানের ক্ষেত্রে একটি প্রধান মাধ্যম। অনেকে বলেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নমনীয় শক্তি’, যার মাধ্যমে তারা বিশ্বে প্রভাব ধরে রাখে।
গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ফেডারেল সরকারের আকার ছোট করতে মনোযোগ দিয়েছেন। তাঁর ‘কস্ট কাটিং’ পরিকল্পনায় সঙ্গ দিচ্ছেন DOGE দফতরের প্রধান হিসেবে নিযুক্ত ইলন মাস্ক। এরই অংশ হিসেবে ট্রাম্প বিদেশি অনুদানে ৯০ দিনের জন্য স্থগিতাদেশ জারি করেছেন। এই অনুদানের অর্থ অনাহার দূরীকরণ, মারণ রোগের চিকিৎসা এবং বহু মানুষকে আশ্রয় দেওয়ার মতো কাজে ব্যবহৃত হতো। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তকে অনেকে সমালোচনা করছেন।
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফর ইউএস এজেন্সির নোটিশে জানানো হয়েছে, খরচ কমাতে আমেরিকার ১৬০০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া, বিদেশে কর্মরত ছাঁটাইপ্রাপ্ত কর্মীদের বাড়ি ফেরার জন্য শুধুমাত্র ভ্রমণ খরচ দেওয়া হবে। যাঁদের ওপর এই কোপ পড়েছে, তাঁদের কাছে থাকা সরকারি যন্ত্রপাতি, নথিপত্র ও সম্পত্তি আগামী সপ্তাহের মধ্যে ফেরত নেওয়া হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ভারতে ভোটের হার বাড়াতে USAID-এর তরফে ২১ মিলিয়ন ডলারের অনুদান দেওয়ার দাবি উঠতেই বিতর্ক শুরু হয়েছে। ভারত পাল্টা জানিয়েছে, USAID-এর তহবিলে দেশে সাতটি প্রকল্পের কাজ হয়েছে, কিন্তু ভোটের হার বাড়ানোর মতো কোনও প্রকল্প তাতে নেই। এই বিতর্কের মধ্যেই ট্রাম্পের এই ছাঁটাইয়ের ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আরও পড়ুন: (New York-Delhi Flight in Rome: নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানের ‘দিক’ ঘুরিয়ে হঠাৎ অবতরণ রোমে! নজরে নিরাপত্তা, কী ঘটেছে?)
ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বব্যাপী মার্কিন সাহায্যের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকে মনে করছেন, এটি শুধু খরচ কমানোর পদক্ষেপ নয়, বরং মার্কিন প্রভাবের কৌশলেও বড় পরিবর্তনের ইঙ্গিত।