OMG! আদালতে আইনজীবী সেজে ঢুকে গ্যাংস্টারকে হত্যা, চাঞ্চল্য ছড়িয়ে পড়লো ঘটনায়

শ্রীলঙ্কার আদালতে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। আইনজীবীর ছদ্মবেশে আদালতে প্রবেশ করে এক কুখ্যাত গ্যাংস্টারকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, গত বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

অস্ত্রধারী ব্যক্তি একটি পিস্তল ব্যবহার করেন, যা একটি বইয়ের ভেতরের অংশ কেটে লুকিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। এই কাজটি করেছিলেন এক নারী, যিনি এখনো পলাতক রয়েছেন।

পুলিশের বরাতে জানা গেছে, নিহত গ্যাংস্টার সাঞ্জেয়া কুমারা সমরারত্নেকে একাধিক হত্যার মামলায় শুনানির জন্য আদালতে আনা হয়েছিল। ২০২৩ সালে গ্রেপ্তার হওয়া এই অপরাধী দীর্ঘদিন কারাগারে ছিলেন।

রাজধানী কলম্বোয় দুই গ্যাং গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরে। এর মধ্যেই আদালতের ভেতরে ঢুকে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড ঘটানো হলো, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

গুলি চালানোর পর হত্যাকারী পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে দ্রুত আটক করে। সেই সঙ্গে যিনি পিস্তলটি ভেতরে নিয়ে এসেছিলেন, সেই নারীর পরিচয়ও শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে। পুলিশ ঘোষণা দিয়েছে, এই নারীর অবস্থান সম্পর্কে কেউ তথ্য দিলে তাকে নগদ পুরস্কার দেওয়া হবে।

এই ঘটনার পর শ্রীলঙ্কার আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আদালতে নিরাপত্তা জোরদার করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষীদের আদালতের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া।

উল্লেখ্য, শ্রীলঙ্কার আদালতে সাধারণত সশস্ত্র বাহিনীর সদস্যরা অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারেন না। তবে এই ঘটনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশেষ নিরাপত্তা প্রয়োজন এমন আসামিদের আদালতে হাজির করা হলে বিচারকের কক্ষে সশস্ত্র রক্ষীরা উপস্থিত থাকবেন।

সূত্র: বিবিসি