জেলে বসেই হিন্দুদের ইসলামে ধর্মান্তরণ করত জঙ্গি তারিকুল, বিস্ফোরক দাবি STF-এর

রাজ্যে জঙ্গি নেটওয়ার্কের তদন্তে নেমে বিস্ফোরক তথ্য প্রকাশ করল রাজ্য পুলিশের বিশেষ কার্যদল (STF)। বৃহস্পতিবার বহরমপুর আদালতে গ্রেফতার হওয়া জঙ্গিদের পেশ করে STF-এর তরফে দাবি করা হয়েছে, বহরমপুর জেলে বসে হিন্দু যুবকদের ইসলামে ধর্মান্তরিত করেছে আনসারউল বাংলা জঙ্গি তারিকুল। শুধু ধর্মান্তরিত করাই নয়, তাদের মগজধোলাই করে জঙ্গিবাদের প্রচারে নামানোর চেষ্টাও চালানো হয়েছে। ইতিমধ্যে ধর্মান্তরিত হওয়া অন্তত একজনকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা।

STF-এর তথ্য অনুযায়ী, বহরমপুর জেলে থাকাকালীন আনসারউল বাংলা জঙ্গি তারিকুল অন্তত তিনজন হিন্দু যুবককে ধর্মান্তরিত করেছে। এদের মধ্যে একজন হল নদিয়ার থানাপাড়া এলাকার বাসিন্দা বিপ্লব বিশ্বাস, যার নাম পরিবর্তন করে রাখা হয় আবদুল। জামিনে মুক্ত হওয়ার পর বিপ্লবকে ইসলামি জঙ্গিবাদ প্রচারে কাজে লাগায় তারিকুল।

বৃহস্পতিবার রাজ্য পুলিশের হাতে ধৃত ছয়জন জঙ্গি, অসম STF-এর হাতে ধৃত তিনজন জঙ্গি এবং বিপ্লব বিশ্বাস ওরফে আবদুলকে বহরমপুর আদালতে পেশ করা হয়। সেখানেই STF-এর তরফে জানানো হয়, শুধু বিপ্লব নয়, আরও অন্তত দুইজনকে জেলের ভেতরে ধর্মান্তরিত করা হয়েছে। তদন্ত চলছে, বাকিদের খোঁজ মিললেই আরও তথ্য সামনে আসবে।

এই ঘটনায় রাজ্যের জেল প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। কীভাবে জেলের ভেতরে ধর্মান্তরণ চলতে থাকল, অথচ কারা কর্তৃপক্ষ কিংবা গোয়েন্দাদের কোনও খবর রইল না? নাকি সব জেনেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি? এই প্রশ্ন ঘিরে বিতর্ক দানা বাঁধছে।

বাংলাদেশি জঙ্গি নেটওয়ার্কের কার্যকলাপ রুখতে একের পর এক অভিযানে নেমেছে অসম ও পশ্চিমবঙ্গ STF। পশ্চিমবঙ্গে একাধিক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে রয়েছে আনসারউল বাংলা টিমের সক্রিয় সদস্যরা। তবে জেলের ভেতর থেকেই ধর্মান্তরণ এবং জঙ্গিবাদ প্রচারের তথ্য সামনে আসায় তদন্তকারীরা আরও গভীর অনুসন্ধানে নেমেছেন।