লোকাল ট্রেনেই শ্লীলতাহানির শিকার তরুণী, দমদমে খোদ পুলিশকর্মীর বিরুদ্ধেই উঠল অভিযোগ

কলকাতায় ফের একবার নারীর নিরাপত্তা নিয়ে উঠল গুরুতর প্রশ্ন। নাইট শিফটে মহিলা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি কলকাতা হাইকোর্ট সরকারকে গাইডলাইন তৈরির নির্দেশ দিলেও, তারপরও থামছে না এমন ঘটনা। বুধবার সন্ধ্যায় সল্টলেকের অফিস থেকে বাড়ি ফেরার পথে এক তরুণীকে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হল। বিধাননগর স্টেশন থেকে শান্তিপুর লোকালে উঠে দমদমে নামার সময় এক হোমগার্ডের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিট নাগাদ। তরুণী অভিযোগে জানিয়েছেন, দমদমে ট্রেন থেকে নামার সময় ভিড়ের সুযোগ নিয়ে অভিযুক্ত ওই হোমগার্ড তার শ্লীলতাহানি করেন। আপত্তি জানালেও তিনি বিরত হননি। ট্রেন থেকে নেমে তরুণী চিৎকার শুরু করলে সহযাত্রীরা এগিয়ে আসেন। তাঁদের সহায়তায় অভিযুক্তকে ধরে দমদম জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। ভারতীয় ন্যায় সংহিতার শ্লীলতাহানির ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত বর্তমানে ভবানী ভবনে কর্মরত। এর আগে তিনি দীর্ঘদিন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানায় কাজ করেছেন। তরুণী জানিয়েছেন, তিনি সল্টলেকে অফিসের কাজ শেষ করে বিধাননগর থেকে আপ শান্তিপুর লোকালে উঠেছিলেন। দমদমে পৌঁছনোর পর ট্রেন থেকে নামার সময় এই ঘটনা ঘটে। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, অভিযুক্তের আচরণে তিনি ভীত ও লজ্জিত বোধ করেছেন।

এই ঘটনা শহরে নারী নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি আরজি কর হাসপাতাল কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার হিসেবে দোষী সাব্যস্ত হয়েছেন। এবার শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত হলেন এক হোমগার্ড। দুই ক্ষেত্রেই পুলিশ বাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের জড়িত থাকা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে প্রশাসন।

দমদম জিআরপি ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তবে এই ঘটনা শহরে কর্মরত মহিলাদের জন্য নিরাপদ পরিবহণ ব্যবস্থার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে তুলেছে।