নিজের বাড়িতেই ডাকাতি মায়ের! “ভাবতেই পারছি না…”- বললেন ছেলে

ছেলের বিয়ের আগেই নিজের বাড়িতে ডাকাতির গল্প সাজালেন মা! পুলিশের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রিজেন্ট পার্ক থানার মাত্র ১০০ মিটার দূরে একটি ফ্ল্যাটে ঘটেছিল এই রহস্যময় ডাকাতির ঘটনা, যা শেষ পর্যন্ত নকল গল্প বলে প্রমাণিত হয়। পুলিশি জেরায় বেরিয়ে আসে, বাড়ির গৃহকর্ত্রী সোনালি বিশ্বাসই নিজের বোনের স্বামীর সঙ্গে মিলে ডাকাতি সাজিয়ে ছিলেন।

গত সোমবার রিজেন্ট পার্ক থানার একেবারে কাছেই পিকলু বিশ্বাসের ফ্ল্যাটে ডাকাতির অভিযোগ ওঠে। ফোন করে পুলিশকে বিষয়টি জানান সোনালি বিশ্বাস। তদন্তে নেমে মাত্র দুই দিনের মধ্যেই পুলিশ রহস্যের কিনারা করে ফেলে।

বাড়ির ছেলে দেবজ্যোতি বিশ্বাস বিয়ে করতে চলেছিলেন এক মাসের মধ্যে। তার জন্য বাড়িতে সোনার গয়না মজুত ছিল। কিন্তু সেই গয়নাই রহস্যজনকভাবে ‘লুট’ হয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, বাইরে থেকে কোনও দুষ্কৃতী দলই এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে। কিন্তু তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে, এই পুরো ঘটনাটি সাজানো!

নিজের মায়ের এমন ষড়যন্ত্র দেখে স্তম্ভিত দেবজ্যোতি বিশ্বাস। তিনি বলেন, “এটাই তো দেখলাম। মাই নাকি এমন করেছে। আমার সঙ্গে সম্পর্ক ভালই ছিল। মহিলা খারাপ নন। আর এক মাসের মধ্যে বিয়ে। তার মধ্যে মা যে এমন করতে পারে…ভাবতেই পারছি না। একটা আমার বিয়ের গয়না অর্ডার দেওয়া আছে। একটা বিশ্বাস, লয়্যালটির ব্যাপার থাকে তো। আমরা কখনও ঘরের মধ্যে নজরদারি করিনি। বাবার ঘরেই থাকত। আলমারিতে তখনও চাবি দেওয়া থাকত না।”

রিজেন্ট পার্ক থানার পুলিশ জানায়, গৃহকর্ত্রী সোনালি বিশ্বাস ও তাঁর বোনের স্বামী রাজা নাগের যোগসাজশেই ঘটেছে এই ঘটনা। ডাকাতির গল্প ফাঁদার মূল উদ্দেশ্য গয়না হাতানো ছিল। ইতিমধ্যেই সোনালি ও রাজা নাগকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ এখন তদন্ত করছে, এটা শুধুই গয়না হাতানোর জন্য ছিল, নাকি আরও গভীর কোনো ষড়যন্ত্র ছিল? এছাড়াও, এই ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

ছেলের বিয়ের আগেই বাড়ির গয়না চুরি করতে নিজের স্বামী ও ছেলেকে বোকা বানানোর চেষ্টা করেন সোনালি বিশ্বাস। তবে পুলিশের তৎপরতায় দুই দিনের মধ্যেই ফাঁস হয়ে যায় এই সাজানো ডাকাতির গল্প!