“ঘরে বঁটি, কাটারি আছে? মারুন ওদের”- ফের বিতর্কিত মন্তব্য করলেন TMC বিধায়ক

ব্যান্ডেল স্টেশনের সম্প্রসারণ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। রেল কর্তৃপক্ষ পরিত্যক্ত কোয়ার্টার এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করতেই ক্ষুব্ধ হয়ে উঠলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সাধারণ মানুষকে সরাসরি হাতে অস্ত্র তুলে নেওয়ার নিদান দিলেন তিনি। তাঁর বক্তব্য, “মারছ না কেন? ঘরে বঁটি নেই? কাটারি নেই? ওসব নিয়ে মারো ওদের!”

বিধায়কের মন্তব্যে বিতর্ক
ব্যান্ডেল স্টেশন ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় এসেছে, যার ফলে স্টেশন সম্প্রসারণের কাজ চলছে। কিন্তু সেই সম্প্রসারণের জন্য রেলের পরিত্যক্ত জমিতে বসবাসকারী বহু দিনমজুর ও পরিযায়ী শ্রমিকদের উচ্ছেদ করতে চাইছে রেল। সম্প্রতি তাদের দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিস। পুনর্বাসনের দাবি নিয়ে ইতিমধ্যেই একাধিকবার প্রতিবাদ হয়েছে।

সোমবার বিধায়ক অসিত মজুমদার ওই এলাকায় যান এবং দেখেন, রেল কোয়ার্টার ভাঙার কাজ শুরু হয়েছে। তখনই উত্তেজিত হয়ে স্থানীয়দের উচ্ছেদ প্রতিরোধে অস্ত্র তুলে নেওয়ার নিদান দেন তিনি। তাঁর বক্তব্য, “৪০-৫০ বছর ধরে এখানে থাকা মানুষদের এভাবে তাড়ানো যাবে না। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ চলবে না। আমি বলেছি মারতে, ঠিক বলেছি।”

বিজেপির প্রতিক্রিয়া
তৃণমূল বিধায়কের এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, “রেল তাদের পরিত্যক্ত কোয়ার্টার দখলমুক্ত করতে চাইছে। বিধায়ক যদি চান, তবে রাজ্য সরকারের জমিতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন। কিন্তু আইন হাতে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া সম্পূর্ণ অনৈতিক।”

বিধায়কের হুঁশিয়ারি
এদিকে, তৃণমূলেরই এক কর্মীর বিরুদ্ধে রেলের উচ্ছেদ অভিযানের টেন্ডার নেওয়ার অভিযোগ ওঠায়, অসিত মজুমদার বলেন, “তৃণমূলটা করে খাওয়ার জায়গা নয়। আমি খবর পেলে ওকে কোনও কাজেই রাখব না।”

বিধায়কের এই মন্তব্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে বিতর্ক তুঙ্গে। এখন দেখার, শাসকদল এ বিষয়ে কী অবস্থান নেয় এবং রেল কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।