SPORTS: ইংল্যান্ড সিরিজ জিতে নিজের সিদ্ধান্তেই অনড় গম্ভীর,পন্থের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন রাহুলকেই

অস্ট্রেলিয়ায় ব্যর্থতার পর এক নতুন অধ্যায় শুরু করল ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডকে টি২০ সিরিজের পর একদিনের আন্তর্জাতিক সিরিজেও দাপটের সঙ্গে পরাজিত করে ভারত এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তুতি নিচ্ছে। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর দলের হেড কোচ গৌতম গম্ভীরের মুখে ছিল এক চওড়া হাসি। ম্যাচের রণকৌশল নিয়ে উঠা সমালোচনাকে ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে উড়িয়ে দিয়েছেন তিনি।

ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারত রান তাড়া করেছিল, যেখানে অক্ষর প্যাটেলকে লোকেশ রাহুলের আগে নামানো হয়েছিল। তবে আজ প্রথমে ব্যাট করতে নামলে, রাহুল ঝোড়োগতিতে রান সংগ্রহ করেন। গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন যে, এটি ছিল তাদের পরিকল্পনা অনুযায়ীই। তিনি বলেন, “এভাবেই ক্রিকেট খেলা উচিত। অনেকেই নানা কথা বলতে পারেন, তবে আমরা এভাবেই খেলতে পছন্দ করি। ব্যাটিং অর্ডার বড় কথা নয়, গুরুত্বপূর্ণ হলো, কে কতটা প্রভাব ফেলতে পারেন।”

গম্ভীর আরও বলেন, “যদি কোনও ভালো বাঁহাতি মিডল অর্ডারে খেলানোর সুযোগ থাকে, তাহলে কেন তা করব না? আমাদের লক্ষ্য হলো, কে কী অবস্থানে বেশি ভালো খেলতে পারেন, সেই অনুযায়ী দল সাজানো।” তিনি আরও যোগ করেন, “আমরা গড় এবং পরিসংখ্যানের ভিত্তিতে নয়, খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেব।”

এছাড়া, গম্ভীরের মতে, শীর্ষ সাফল্যের জন্য ৫ জন ডানহাতি ব্যাটসম্যান থাকা দরকার নয়। তিনি বলেন, “আমরা ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন নিয়েও কাজ করছি। কেকেআরের মেন্টর হিসেবে এই পদ্ধতিতে পরিবর্তন এনে দলের পারফরম্যান্সের বৃদ্ধি দেখেছি।”

এবারের ইংল্যান্ড সিরিজে তিনটি ম্যাচেই লোকেশ রাহুলকে খেলানো হয়, যেখানে ঋষভ পন্থ বাইরে ছিলেন। গম্ভীর বলেন, “বর্তমানে রাহুলই আমাদের এক নম্বর উইকেটকিপার। দলের শক্তির কথা মাথায় রেখে, দুজন উইকেটকিপারকে একসাথে খেলানো সম্ভব নয়। তবে পন্থকে প্রস্তুত থাকতে হবে, সুযোগ পেলে তাকে কাজে লাগাতে হবে।”

ভারতীয় দলের পরিকল্পনায় ছিলেন শ্রেয়স আইয়ারও, যিনি বিশ্বকাপে চার নম্বরে দারুণ পারফর্ম করেছেন। গম্ভীর জানান, “চলতি সিরিজে সবাইকে সুযোগ দিতে চেয়েছিলাম, যশস্বী জয়সওয়ালও তার সুযোগ পেয়েছিলেন। তবে শ্রেয়স সবসময় আমাদের পরিকল্পনায় ছিলেন, তিনি তিনটি ম্যাচ খেলেছেন, যা ভালো হয়েছে।”

গম্ভীরের মতে, তিন ম্যাচের সিরিজে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো প্রয়োজন, যেমন তৃতীয় ম্যাচে অর্শদীপ সিংয়ের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছে। তিনি বলেন, “সবাইকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুযোগ দেওয়া প্রয়োজন ছিল।”

ইংল্যান্ডের বিরুদ্ধে এই দাপুটে জয়ের পর, ভারতীয় দল এখন চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে এগিয়ে যাচ্ছে, এবং গম্ভীরের নেতৃত্বে দলের আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী।