মোদীর ‘বন্ধু’ তুলসী USA -র গোয়েন্দা প্রধান, দু’পক্ষের বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা?

ভারত-আমেরিকা সম্পর্ক আরও দৃঢ় করতে দুই দিনের সফরে আমেরিকা গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার আমেরিকায় পৌঁছেই বন্ধু তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক সারলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলসী গ্যাবার্ডকে আমেরিকার গোয়েন্দা প্রধান হিসেবে নিযুক্ত করেছেন। এই বৈঠকে ভারত ও আমেরিকার বন্ধুত্বের নানান বিষয়ে আলোচনা হয়েছে। মোদী নিজেই এক্স হ্যান্ডেলে বৈঠকের ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁকে ও গ্যাবার্ডকে করমর্দন করতে।
ক্যাপশনে মোদী লেখেন, “ওয়াশিংটন ডিসিতে আমেরিকার ন্যাশনাল ইনটেলিজেন্স বিভাগের ডিরেক্টর তুলসী গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ সেরে অভিনন্দন জানালাম। দুই দেশের বন্ধুত্ব নিয়ে নানা আলোচনা হয়েছে এবং তাতে শান দিয়েছেন গ্যাবার্ডও।”
বুধবার আমেরিকার বিমানবন্দরে পা রাখতেই উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয় মোদীকে। আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কাটরা-সহ প্রবাসী ভারতীয়রা তাঁকে স্বাগত জানান। ব্লেয়ার হাউসে পৌঁছতেই প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাসে মুখরিত হয় এলাকা। ‘ভারত মাতার জয়’ ও ‘মোদী মোদী’ স্লোগানে গর্জে ওঠে জনতা।
এক্স হ্যান্ডেলে পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “তীব্র শীতের মাঝেও উষ্ণ অভ্যর্থনা পেলাম। এত ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও ওয়াশিংটন ডিসির প্রবাসী ভারতীয়রা বিশেষভাবে আমাকে স্বাগত জানিয়েছেন। এর জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ।” মোদী প্রবাসীদের সঙ্গে সাক্ষাতের ছবিও শেয়ার করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক করবেন মোদী। এছাড়াও প্রতিনিধিত্বমূলক বৈঠকও হবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। সূত্রের খবর, শুল্কযুদ্ধের আবহে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য তো বটেই, কথা হবে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও। বিশ্বব্যাপী অস্থিরতা ও নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি দূর করার বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা সারবেন মোদী। বরিষ্ঠ মার্কিন আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি এবং আমেরিকার শীর্ষ শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে। টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গেও তাঁর দেখা করার কথা রয়েছে।