SPORTS: মোহনবাগান কর্তাকে আক্রমণ, বড় জরিমানা করা হলো ইস্টবেঙ্গলকে

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) কর্তৃপক্ষ এবং সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফ থেকে লক্ষাধিক টাকার জরিমানা করা হল ইস্টবেঙ্গলকে। একের পর এক ম্যাচে পরাজয়ের ফলে এমনিতেই সমস্যায় রয়েছে লাল-হলুদ শিবির। তার মধ্যেই সমর্থকদের কর্মকাণ্ডের জন্য আরও বড় লজ্জার মুখে পড়তে হল ক্লাবকে।
ঘটনাটি কয়েক ম্যাচ আগে ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচের। সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবং সর্বভারতীয় ফুটবল সংস্থাকে কটাক্ষ করে একটি টিফো প্রদর্শন করেছিলেন লাল-হলুদ সমর্থকরা। সেই টিফোতে আইএসএলের রেফারিং সম্পর্কেও চরম কটাক্ষ করা হয়েছিল। এরপরেই মোহনবাগান কর্তৃপক্ষ সরকারিভাবে আইএসএলের কাছে অভিযোগ দায়ের করে।
শিল্প মহলেও এই টিফো নিয়ে সমালোচনা করেছেন খোদ সঞ্জীব গোয়েঙ্কা। বুধবার জানা গেছে, এই ঘটনার জন্য ইস্টবেঙ্গলকে লক্ষাধিক টাকার জরিমানা করা হয়েছে। লাল-হলুদ শিবিরের সূত্র অনুযায়ী, এদিন তাদের তরফ থেকে সমাজমাধ্যমে যে বার্তা দেওয়া হয়েছে, সেটি এই বিষয় সম্পর্কিত।
ইস্টবেঙ্গল শিবিরে নতুন ধাক্কা
অন্যদিকে, অনুশীলনের সময় চোট পেলেন রিচার্ড সেলিস। অনুশীলনের মাঝে দীর্ঘক্ষণ মাঠে শুয়ে থাকতে দেখা যায় তাঁকে। পরে খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে ফিরে যান এবং আর অনুশীলনে নামেননি। তবে তাঁর চোট কতটা গুরুতর, তা নিয়ে নিশ্চিত হওয়া যাবে বৃহস্পতিবার।
এদিকে, অনুশীলনে ফিরেছেন নন্দকুমার। পারিবারিক কারণে ম্যানেজমেন্টকে না জানিয়েই তিনি চেন্নাই চলে গিয়েছিলেন। আজ অনুশীলন শেষে কোচ অস্কারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। এছাড়াও ম্যানেজমেন্টের এক ব্যক্তি প্রায় ৪০ মিনিট ধরে নন্দর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। তবে তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে আসন্ন কলকাতা ডার্বির আগে চিন্তা বাড়াচ্ছে দলের তারকা ফুটবলারদের চোট সমস্যা। জানা গেছে, সল ক্রেসপো এবং হেক্টর ইয়ুস্তে পুরোপুরি ফিট না হওয়ার কারণে ডার্বিতে নাও খেলতে পারেন। এই পরিস্থিতিতে দলের মানসিকতা এবং প্রস্তুতি নিয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে ইস্টবেঙ্গল শিবিরকে।