“সুইগি-জোম্যাটো-ফেসবুক সব ব্যবহার বন্ধ”-NRS-এ ডাক্তার-নার্সদের জন্য কড়া নির্দেশ

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী, অন-ডিউটি থাকাকালীন চিকিৎসক ও নার্সরা এখন থেকে হাসপাতাল চত্বরে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা ব্যবহার করতে পারবেন না। এছাড়াও, হাসপাতালের ওয়াইফাই নেটওয়ার্ক থেকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং নেটফ্লিক্স, হটস্টার, অ্যামাজন প্রাইমের মতো ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করা হয়েছে। এদিকে, সুইগি, জোম্যাটোর মতো ফুড ডেলিভারি অ্যাপও ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই পদক্ষেপের পেছনে হাসপাতাল কর্তৃপক্ষের যুক্তি হলো, অন-ডিউটি সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত দায়িত্বে পুরোপুরি মনোনিবেশ করা উচিত। সোশ্যাল মিডিয়া এবং বিনোদনমূলক প্ল্যাটফর্মের ব্যবহার তাদের কাজে বিঘ্ন ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে।

স্বাস্থ্য দফতরের কড়া নির্দেশিকা
এই ঘটনার পাশাপাশি রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ডাক্তারদের ডিউটি নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। আগামী এক মাসের ডিউটি রোস্টার জমা দিতে বলা হয়েছে সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে। এছাড়াও, হাসপাতালগুলিতে সারপ্রাইজ ভিজিট করা হবে বলে জানা গেছে।

স্বাস্থ্য দফতরের এই পদক্ষেপের পেছনে রয়েছে কিছু অভিযোগ। বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে, সরকারি হাসপাতালে ডিউটির সময় কিছু চিকিৎসক বেসরকারি হাসপাতাল বা প্রাইভেট চেম্বারে কাজ করছেন। এই ধরনের অনিয়ম রোধ করতে এবার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।