“পুলিশ না পারলে…?”-কলকাতায় অবৈধ নির্মাণ নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

শহরের বেআইনি নির্মাণ ভাঙতে পুলিশ ও প্রশাসন ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী নামানো হতে পারে— এমনই কঠোর বার্তা দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। নারকেলডাঙার একটি পাঁচতলা অবৈধ বাড়ি ভাঙার নির্দেশ প্রসঙ্গে তিনি এই পর্যবেক্ষণ দেন।
হাইকোর্টের আগের নির্দেশ
নারকেলডাঙার একটি পাঁচতলা নির্মাণ বেআইনি বলে চিহ্নিত করেছিল কলকাতা পুরসভা। সেই তথ্য হাইকোর্টেও পেশ করা হয়েছিল। এরপর, গত মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ওই বাড়িটি গুঁড়িয়ে দিতে হবে এবং সেই দায়িত্ব পুলিশের। কিন্তু এতদিনেও সেই নির্দেশ কার্যকর হয়নি।
আবাসিকদের বাধায় আটকে প্রশাসন
সোমবার ফের মামলার শুনানিতে কলকাতা পুরসভার তরফে জানানো হয়, আবাসিকদের অধিকাংশই বাড়ি ছাড়তে চাইছেন না। শুধু একতলার বাসিন্দারা বাড়ি ছেড়েছেন, বাকিরা এখনো অনড়। পুলিশ চেষ্টা করেও বাসিন্দাদের সরাতে পারছে না।
বিচারপতি সিনহা স্পষ্ট জানান, “বাড়ি ভাঙার দায়িত্ব পুরসভার, তবে পুলিশ যদি সেই কাজে সহায়তা না করে, তাহলে কেন্দ্রীয় বাহিনী নামানো হবে।”
কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ
পুরসভা আদালতে জানায়, পুলিশ সহযোগিতা করছে না, আর যারা বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এরপরই বিচারপতি নির্দেশ দেন, আগামী ১০ মার্চের মধ্যে যদি বাড়িটি গুঁড়িয়ে না দেওয়া হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হবে।
বেআইনি নির্মাণ রুখতে কঠোর বার্তা
এই রায়ের মাধ্যমে বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট হয়ে গেল। কলকাতা পুরসভা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে বিচারপতির নির্দেশ কার্যকর হলে শহরের অন্যান্য বেআইনি নির্মাণের ক্ষেত্রেও নজির গড়ে দিতে পারে এই মামলা। এখন দেখার, ১০ মার্চের মধ্যে আদৌ কি পুরসভা পুলিশি সাহায্যে এই নির্মাণ ভাঙতে পারে, নাকি শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী নামতেই হবে!