কুপ্রস্তাবে নারাজ, রেগে গিয়ে ICDCS কর্মীর গায়ে বিষাক্ত রাসায়নিক ছুঁড়ল যুবক

দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার কৃষ্ণনগর বাজার এলাকায় এক আইসিডিএস কর্মীর উপর রাসায়নিক তরল ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকের নাম বাপি মাইতি।
কী ঘটেছে?
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত ওই কর্মী কৃষ্ণনগর মধ্যপল্লী আইসিডিএস সেন্টারে কাজ করেন। দীর্ঘদিন ধরে অভিযুক্ত বাপি মাইতি তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিল। তবে তিনি সেই প্রস্তাবে সাড়া দেননি। এরই জেরে শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অভিযুক্ত যুবক তাঁর উপর রাসায়নিক তরল ছিটিয়ে পালিয়ে যায়।
গুরুতর জখম আইসিডিএস কর্মী
এই হামলার ফলে গুরুতর আহত হন ওই আইসিডিএস কর্মী। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
পুলিশি তদন্ত শুরু
ঘটনার পরই সাগর থানায় অভিযুক্ত বাপি মাইতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নারী নিরাপত্তার প্রশ্নে যেখানে প্রশাসন বারবার সচেতনতার বার্তা দিচ্ছে, সেখানে এমন নিন্দনীয় ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। আক্রান্ত আইসিডিএস কর্মী ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।