OMG! ঘরে ঢুকে বৃদ্ধাকে বেধড়ক মার, লন্ডভন্ড করে দেওয়া হলো ঘর, গ্রেপ্তার অভিযুক্ত যুবক

বুধবার দুপুরে নরেন্দ্রপুরের রানিয়া এলাকায় এক বৃদ্ধাকে মারধর করার অভিযোগ উঠেছে। প্রতিবেশী বিশ্বজিৎ নস্করের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, বৃদ্ধাকে লাথি, থাপ্পড় মারার পাশাপাশি তাঁর বাড়িতে হামলা চালানো হয়। নরেন্দ্রপুর থানায় মারধরের অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ বিশ্বজিৎ নস্কর নামে একজনকে গ্রেপ্তার করেছে।

বৃদ্ধা চঞ্চলা দাস তাঁর মেয়ে ও নাতনিকে নিয়ে ওই বাড়িতে থাকেন। দীর্ঘদিন ধরে অভিযুক্তের পরিবারের সঙ্গে তাঁদের বিবাদ চলছিল। অভিযোগ, বৃদ্ধা ও তাঁর পরিবারের সদস্যদের প্রায়ই গালিগালাজ করা হতো। বুধবার আচমকা হামলা চালায় বিশ্বজিৎ।

বৃদ্ধার অভিযোগ, তিনি দুপুরে বাড়িতে একাই ছিলেন। উপরের ঘরে যাওয়ার সময় তিনি বাড়ির দরজায় ইট মারার শব্দ শুনতে পান। চিৎকার করতেই প্রতিবেশী যুবক তাঁকে কটূক্তি করেন। এরপরই বাড়িতে ইট পড়তে থাকে বলে অভিযোগ। প্রতিবাদ করতেই অভিযুক্ত তেড়ে এসে ঘরের দরজা ভেঙে দেয় এবং বৃদ্ধার ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করে। এরপর তাকে মারধরও করা হয়।

বৃদ্ধার মেয়ের দাবি, তাঁর মা ভয়ে বিছানার উপর উঠে তাঁকে ফোন করছিলেন। সেই সময় অভিযুক্ত ফোন কেড়ে নিয়ে বৃদ্ধাকে খাট থেকে টেনে নামিয়ে মারধর করে। বৃদ্ধার মেয়ে আরও অভিযোগ করেন যে, তাঁকে এবং তাঁর মেয়ে-নাতনিকে কুকথা বলা হয়। এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।