ভারতে থাকতে জাল ভোটার-আধার কার্ড তৈরী, বাংলায় ধৃত বাংলাদেশি নাগরিক

ভারতে জাল নথিপত্র তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুরদাহ এলাকায়। ধৃত ব্যক্তি বাংলাদেশের ঝিকারগাছার বাসিন্দা বাসুদেব ঘরামি।
কীভাবে ফাঁস হলো প্রতারণা?
স্থানীয় বাসিন্দা গণেশ ঘরামির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগ, গণেশের নথিপত্র ব্যবহার করে নিজের ছবি লাগিয়ে বাসুদেব জাল ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড-সহ একাধিক সরকারি নথি তৈরি করে ভারতে নাগরিকত্বের প্রমাণ দিচ্ছিল।
কীভাবে চলছিল এই প্রতারণা?
প্রথমে সন্দেহের কোনো কারণ ছিল না। কিন্তু গণেশ ঘরামির নামে নতুন কাগজপত্র বারবার বাসুদেবের ঠিকানায় পৌঁছতে থাকায় সন্দেহ দানা বাঁধে। নিজের নথিপত্র পরীক্ষা করে তিনি দেখেন, তার নাম, ঠিকানা ব্যবহার করেই আরেকজন ভুয়ো কাগজপত্র বানিয়ে নিয়েছে। এরপরই গণেশ বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গ্রেফতার ও তদন্ত
অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্তে নামে এবং বাসুদেব ঘরামিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার তৈরি সমস্ত নথিতে একই নাম-ঠিকানা থাকলেও শুধুমাত্র ছবি আলাদা ছিল।
আদালতের নির্দেশ
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাসুদেবকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাকে ৬ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ এখন জানার চেষ্টা করছে, এই জালিয়াতির সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, কিংবা এভাবে আর কারও ভুয়ো নথি তৈরি হয়েছে কি না।
বাংলাদেশ থেকে ভারতে আসা ও বসবাস
জানা গেছে, প্রায় আট বছর আগে বাসুদেব তার পরিবার নিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসে এবং পুরদাহ এলাকায় বাড়ি তৈরি করে বসবাস শুরু করে। দীর্ঘদিন ধরে নকল নথি দেখিয়ে সে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছিল।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পেছনে বড়সড় জালিয়াত চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।