“৭ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা আদায়”- ট্রাফিক ইয়ার বুকে প্রকাশ করলো চন্দননগর পুলিশ

চন্দননগর ট্রাফিক পুলিশ পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন করেছে এবং এই উপলক্ষে একাধিক সচেতনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার চুঁচুড়া ঘড়ির মোরে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। এদিন পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাফিক ইয়ার বুক প্রকাশ করা হয়, যেখানে দুর্ঘটনা কমানোর জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ১০ শতাংশ কমেছে। ২০২৪ সালে মোট ৬৪,২৩৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ৭ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে চন্দননগর ট্রাফিক পুলিশ।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, ডিসিপি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, এডিসপি ট্রাফিক দেবাশিস সরকার, এসিপি ডিডি সুমন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, “আমাদের পুলিশ আধিকারিক এবং ট্রাফিক কর্মীরা কঠোর পরিশ্রম করেছেন, যার ফলে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব হয়েছে। আরও ভাল কাজ করা ট্রাফিক হোমগার্ডদের পুরস্কৃত করা হয়েছে।” তিনি আরও বলেন, “প্রধান সমস্যা হচ্ছে কম বয়সী ছেলে-মেয়েরা হেলমেট না পরে বাইক চালাচ্ছে, যার ফলে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে। হেলমেট পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পথ দুর্ঘটনা কমানোর লক্ষ্যে চন্দননগর ট্রাফিক পুলিশ বিভিন্ন রাস্তার উন্নতি করেছে। বিশেষ করে, জিটি রোড ও দিল্লি রোডে ট্রাফিক পরিকাঠামো ও আলো উন্নত করা হয়েছে, যা নিয়মিত দুর্ঘটনার হার কমাতে সহায়ক হয়েছে।

পথ নিরাপত্তা সপ্তাহে চুঁচুড়া শহরে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অভিনয় করে পথ নিরাপত্তা বিষয়ক বার্তা দিয়ে পথচারীদের সচেতন করেছেন। তারা রাস্তার নিয়ম মেনে চলার গুরুত্ব এবং দুর্ঘটনা এড়াতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে, তা তুলে ধরেন।

এছাড়া, মধ্যমগ্রাম চৌমাথায় স্কুল পড়ুয়ারা অভিনয় করে পথচারীদের নিরাপদ চলাচলের নিয়ম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য সচেতনতামূলক বার্তা দেয়।

চন্দননগর ট্রাফিক পুলিশের এই উদ্যোগের ফলে দুর্ঘটনা কমানোর দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে, এমন আশা প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তারা।