SPORTS: নীতিশ-রিঙ্কু নেই দলে, রাজকোটের T20-তে ভারতের প্লেয়িং ১১ কেমন হবে?

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে ভারতীয় দল। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। কলকাতায় প্রথম টি-টোয়েন্টিতে ভারত সাত উইকেটে জয়লাভ করে। এরপর চেন্নাই টি-টোয়েন্টিতে তারা ইংল্যান্ডকে দুই উইকেটে পরাজিত করে। এবার তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে নিতে মরিয়া ভারতীয় দল।
রাজকোট টি-টোয়েন্টিতে ভারতীয় দলের প্লেয়িং-১১ এর দিকে নজর থাকবে। এই ম্যাচের জন্য দলে কিছু পরিবর্তন হতে পারে। অলরাউন্ডার শিবম দুবে এবং রমনদীপ সিং ভারতীয় দলে যোগ দিয়েছেন। এই ম্যাচে তাদের খেলার সম্ভাবনা রয়েছে। নীতীশ কুমার রেড্ডির পরিবর্তে শিবমকে দলে নেওয়া হয়েছে। সাইড স্ট্রেনের কারণে তিনি এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। রিঙ্কু সিংয়ের জায়গায় এসেছেন রমনদীপ। পিঠের নিচের দিকে খিঁচুনি থাকায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও তাকে পাওয়া যাচ্ছে না।
শিবম দুবে এবং রমনদীপ সিং দু’জনকেই প্লেয়িং-১১-এ নেওয়া হলে ধ্রুব জুড়েলের পাশাপাশি লেগ-স্পিনার রবি বিষ্ণোইকে এই ম্যাচের বাইরে থাকতে হতে পারে। এই সিরিজে এখনও পর্যন্ত একটিও উইকেট নিতে পারেননি বিষ্ণোই। জুড়েল চেন্নাই টি-টোয়েন্টিতে সুযোগ কাজে লাগাতে পারেননি এবং মাত্র ৪ রান করে আউট হন। ২৭ জানুয়ারি রাজকোট টি-টোয়েন্টির জন্য ইংল্যান্ড তাদের প্লেয়িং-১১ ঘোষণা করেছে।
এই ম্যাচে সবার নজর থাকবে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের দিকে, যিনি এই সিরিজে এখনও পর্যন্ত তেমন কিছু করতে পারেননি। সূর্য ছাড়াও, সঞ্জু স্যামসনের থেকেও একটি বড় ইনিংস আশা করছেন ভারতীয় দলের সমর্থকরা। যার শর্ট বলে দুর্বলতা প্রকাশ পেয়েছে। টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে হলে ইংল্যান্ডকে যে কোনও মূল্যে এই ম্যাচ জিততেই হবে। তাদের হয়ে এখন পর্যন্ত একমাত্র অধিনায়ক জস বাটলারই ব্যাটিংয়ে ভালো পারফর্ম করতে পেরেছেন। গত ম্যাচে বেশি রান দিলেও উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার। আদিল রশিদ এখন পর্যন্ত ভালো বল করছেন।
তৃতীয় টি-টোয়েন্টিতে দুই দলের সম্ভাব্য একাদশ
ভারত: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রমনদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ড: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।