“সঞ্জয়ের ফাঁসি চাইছেন?”-জবাবে যা জানালো নির্যাতিতার পরিবার? হাইকোর্টে শুনানিতে যা ঘটল

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির (ফাঁসি) দাবিতে রাজ্য এবং সিবিআইয়ের করা মামলার শুনানিতে নতুন মোড়। সোমবার কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন নির্যাতিতার পরিবার জানায় যে তারা এখনই সঞ্জয়ের ফাঁসি চান না। তাদের দাবি, এই ঘটনার সাথে জড়িত সকলের উপযুক্ত শাস্তি হোক এবং তার জন্য আরও তদন্তের প্রয়োজন।

এদিন হাইকোর্টের বাইরে এসে নির্যাতিতার পরিবারের আইনজীবী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান। নির্যাতিতার বাবাও সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, “আমরা চাইছি যারা যারা জড়িত সকলকে এই মামলার তদন্তের আওতায় আনা হোক। বিচারের মাধ্যমে তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক।” রাজ্যের তরফে সঞ্জয়ের ফাঁসির দাবির বিষয়ে তার সমর্থন আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমরা সবকিছুকেই সমর্থন করছি, যেখানেই আমাদের বিচার দেওয়া হবে, সেখানেই আমাদের আস্থা আছে।” “সঞ্জয়ের ফাঁসি চাইছেন?” এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই বিষয়ে যা বলার আমাদের আইনজীবী বলবেন।”

নির্যাতিতার বাবাকে যখন সিবিআইয়ের উপর তাদের আস্থা নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি হতাশার সুরে বলেন, “আমরা আর কোথায় যাব? সিবিআই তো কাজই করছে না… রাজ্য পুলিশও আমাদের ডুবিয়েছে, সিবিআই-ও।” তাদের এই মন্তব্যে রাজ্য পুলিশ এবং সিবিআই উভয়ের উপর তাদের অসন্তোষ প্রকাশ পায়।

মামলার পূর্বাপর:

গত ২০শে জানুয়ারি শিয়ালদা আদালত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়।
এরপর রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির (ফাঁসি) দাবিতে মামলা করে।
পরে সিবিআইও একই দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করে।
এদিনের শুনানিতে বিচারপতি জানতে চান, একই দাবি যখন, তখন দুটি পৃথক মামলা গ্রহণ করা সম্ভব কিনা। সিবিআই দাবি করে যে যেহেতু তারা এই তদন্ত করেছে এবং তাদের কাছে সমস্ত নথি ও তথ্যপ্রমাণ রয়েছে, তাই তাদের মামলা গ্রহণ করা হোক। রাজ্যের এই মামলা করার কোনো এক্তিয়ার নেই বলেও তারা জানায়। অন্যদিকে রাজ্যের আইনজীবী এর আগের তিনটি ঘটনার উদাহরণ দিয়ে জানান যে শাস্তি বাড়ানোর জন্য রাজ্য সরকারও দাবি জানাতে পারে।