Weather: সোয়েটার পড়ে ঘোরার দিন শেষ? বাংলায় ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস হাওয়া অফিসের

প্রত্যাশামতই ২৬শে জানুয়ারি অর্থাৎ রবিবার থেকে শীতের আমেজ ফিরে এসেছিল, তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি কমেছিল। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই শীতের মেয়াদ আর মাত্র দু’দিন থাকতে পারে। সোয়েটার, কম্বল তুলে রাখার সময় এসে গেছে, কারণ আবহাওয়া গরমকালের আগমনী বার্তা দিচ্ছে। হাওয়া অফিসের বুলেটিন জানাচ্ছে, চলতি সপ্তাহের শেষের দিকেই গরমের আভাস পাওয়া যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বুধবার থেকেই তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি:

শীতের লুকোচুরি সম্ভবত শেষের দিকে। সরস্বতী পুজোয় তেমন ঠান্ডা থাকবে না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বাড়বে এবং চলতি সপ্তাহের শেষের দিকে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং সপ্তাহান্তে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এর ফলে শুষ্ক গরম অনুভূত হবে।

শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা কম:

প্রশ্ন হল, পশ্চিমী ঝঞ্ঝা কবে কাটবে? হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের কয়েকদিন পর এই ঝঞ্ঝা কেটে যাবে। যদিও তারপর শীত ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু’দিন কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গের চারটি জেলাতেও কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সোমবার সকালে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, যার ফলে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বুধবার থেকে তাপমাত্রা বৃদ্ধি:

আজ অর্থাৎ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনের জন্য বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ২৮শে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার তাপমাত্রা আরও বাড়বে।