মেদিনীপুর মেডিক্যালে ফের বিতর্ক, প্রসূতিদের জন্য লাখ লাখ টাকার অক্সিটোসিন কেনার অভিযোগ

প্রসূতি মৃত্যুর ঘটনার পর এবার ওষুধ কেনাকাটায় গুরুতর অনিয়মের অভিযোগে ফের বিতর্কে জড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ। অভিযোগ উঠেছে, সরকার অনুমোদিত সংস্থার পরিবর্তে বাইরের এজেন্সি থেকে অক্সিটোসিন কেনার ফলে বড়সড় গরমিল হয়েছে। প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ করার জন্য অত্যন্ত জরুরি এই ওষুধটি কেন অন্য সংস্থা থেকে কেনা হল, তা নিয়ে স্বাস্থ্য ভবনের তদন্তের মুখে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
টিভি নাইন বাংলার হাতে আসা নথি অনুযায়ী, চলতি আর্থিক বছরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সরকার অনুমোদিত সংস্থা ‘কর্ণাটক অ্যান্টিবায়োটিকস’ থেকে অক্সিটোসিন কেনেনি। এই সংস্থাটি ভারত সরকারের অধীনস্থ। অভিযোগ, ২০২৪-২৫ আর্থিক বছরে ‘কোলে মেডিক্যাল এজেন্সি’ ও ‘মধুসূদন মেডিক্যাল এজেন্সি’ নামক দুটি বেসরকারি সংস্থার কাছ থেকে লক্ষ লক্ষ টাকার অক্সিটোসিন কিনেছে হাসপাতাল। যখন সরকারি সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল না, তখন কেন বাইরের সংস্থা থেকে ওষুধ কেনার প্রয়োজন হল, সেই প্রশ্ন উঠেছে।
অক্সিটোসিন সংরক্ষণ নিয়েও গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে মেদিনীপুর মেডিক্যালের বিরুদ্ধে। রাজ্য ড্রাগ কন্ট্রোলের তদন্তে জানা গেছে, অক্সিটোসিন ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করার নিয়ম থাকলেও, হাসপাতাল কর্তৃপক্ষ সেই নিয়ম মানেনি। এই বিষয়েও তদন্ত চলছে।