OMG! সামান্য কয়েক কেজি চালের জন্য মায়ের গলায় বসালো কোপ, আত্মহত্যার চেষ্টা ছেলের!

ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সামান্য কয়েক কেজি চাল চাওয়া নিয়ে বিবাদের জেরে এক যুবক তার নিজের মাকেই খুন করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত মায়ের নাম রাইবরি সিংহ। পরিবারের অভিযোগ, রেশন দোকানের চাল নিয়ে বচসার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। রাইবরির ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ছেলে মায়ের কাছে রেশন দোকান থেকে আনা ১০ কেজি চাল চেয়েছিল। কিন্তু মা চাল দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ঝগড়া চরমে উঠলে ছেলে রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে মায়ের গলায় কোপ মারে। ঘটনাস্থলেই রাইবরি সিংহের মৃত্যু হয়।

মায়ের মৃত্যুর পর নিজের কৃতকর্মের অনুশোচনায় অভিযুক্ত যুবক একই অস্ত্র দিয়ে নিজের গলাতেও কোপ বসায় এবং আত্মহত্যার চেষ্টা করে।

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন অভিযুক্তের ভাই লক্ষ্মীকান্ত সিংহ কাজ থেকে দুপুরে বাড়িতে ফিরে আসেন। তিনি ঘরে ঢুকেই মায়ের রক্তাক্ত মৃতদেহ এবং ভাইয়ের আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। লক্ষ্মীকান্ত তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, অভিযুক্তের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামান্য চালের জন্য মায়ের জীবন নেওয়ার ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের সুস্থ হওয়ার পর তার বয়ান রেকর্ড করা হবে। এই মর্মান্তিক ঘটনা পারিবারিক কলহ এবং রাগের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তার এক জ্বলন্ত উদাহরণ।