‘কিডন্যাপও’ করছে BGB? ভারত-বাংলাদেশ সীমান্তে ঘটছে চাঞ্চল্যকর ঘটনা

কাঁটাতারের ওপারে নিজের জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশি সীমান্তরক্ষী (বিজিবি)-র হাতে ‘অপহৃত’ হলেন এক ভারতীয় কৃষক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তের চাপড়া থানার হৃদয়পুর গ্রামে। বিজিবি-র হাতে আটক হওয়া কৃষকের নাম নূর হোসেন শেখ।

সূত্রের খবর, নূর হোসেন প্রতিদিনের মতো মঙ্গলবারও সীমান্তের ওপারে নিজের জমিতে চাষ করতে গিয়েছিলেন। অভিযোগ, চাষের কাজ করার সময় বাংলাদেশি বিজিবি তাকে ধরে নিয়ে যায়। নূর হোসেনের পরিবারের দাবি, তাকে একপ্রকার অপহরণ করা হয়েছে। বিজিবি তাকে সোনা পাচারকারী অভিযোগে আটক করেছে বলে জানা গেছে।

নূর হোসেনের পরিবারের বক্তব্য, তিনি নিয়ম মেনেই বিএসএফকে জানিয়ে চাষ করতে গিয়েছিলেন। এমনকি, বিএসএফ ক্যাম্পে নিজের আধার কার্ড জমা রেখে অনুমতি নিয়েই জমিতে যান তিনি। এরপরেও বিজিবি তাকে অনুপ্রবেশের অভিযোগে আটক করে নিয়ে যায়।

নূর হোসেনের স্ত্রী ভাসানি বিবি জানান, “আমার স্বামী ওপারে চাষ করতে গিয়েছিল। ওখান থেকে তুলে নিয়ে যায়। বিএসএফকে বিষয়টি জানিয়েছি।” তিনি আরও অভিযোগ করেন, “ইউনূস আসার পরই আমাদের সঙ্গে এই অত্যাচার শুরু হয়েছে।”

এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে হৃদয়পুর গ্রামে। নূর হোসেনের স্ত্রী চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং নূর হোসেনকে ফেরত আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।