বাঘাযতীনে হেলে পড়া ফ্ল্যাটটির বাসিন্দাদের ভবিষ্যত্ কী? উদ্বিগ্ন পরিবারের সদস্যরা

কলকাতার বাঘাযতীনে একটি চারতলা বহুতল হেলে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যাসাগর কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। বহুতলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই বহুতলটি হেলে পড়তে শুরু করেছিল। প্রোমোটারকে বিষয়টি জানানোর পর তিনি একটি সংস্থাকে ডেকে বাড়ির ভিত থেকে উঁচু করে সোজা করার ব্যবস্থা করেন। মেরামতির কাজ চলার সময়ই মঙ্গলবার দুপুরে বহুতলটি আচমকা হেলে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, জলাজমির উপর বহুতলটি নির্মাণ করার কারণেই এমন পরিণতি হয়েছে। ঘটনার পর স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যান। তিনি জানান, আট-দশ বছর আগেকার এই বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। লোহার ট্র্যাক দিয়ে উঁচু করার কাজ চলার সময় তিনি সেখানে গিয়ে সেই কাজে বাধা দেন। প্রাক্তন কাউন্সিলর চয়ন ভট্টাচার্য এই ঘটনার জন্য নির্মাতাকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন।
মেয়র ফিরহাদ হাকিম এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, কলোনি এলাকায় যেভাবে বাড়ি তৈরি হচ্ছে, সেগুলোর স্ট্রাকচারাল স্টেবিলিটি খতিয়ে দেখা হচ্ছে না। তবে, ভাগ্য ভালো যে ঘটনার সময় কেউ বাড়িতে ছিলেন না।
এই ঘটনায় আতঙ্কিত বহুতলের বাসিন্দারা। তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। পুরসভার সিদ্ধান্ত অনুযায়ী, খুব শীঘ্রই বহুতলটি ভেঙে ফেলা হবে।