“অস্ট্রেলিয়ায় আমায় বিষ খাওয়ানো হয়েছিল”- বিস্ফোরক দাবি করলেন নোভাক জোকোভিচ

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ সম্প্রতি এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন যে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টিনে থাকাকালীন তাঁকে বিষ প্রয়োগ করা হয়েছিল। কোভিড সংক্রান্ত জটিলতার কারণে সেই সময় অস্ট্রেলিয়ান ওপেনের আগে তাঁকে আটক করা হয়েছিল। ভিসা বাতিল হওয়ার পর জোকোভিচকে মেলবোর্নের একটি হোটেলে রাখা হয়েছিল, সেখানেই এই ঘটনা ঘটে বলে তিনি জানান।

জোকোভিচের অভিযোগ, “আমার কিছু স্বাস্থ্য সমস্যা ছিল। আমি বুঝতে পেরেছিলাম মেলবোর্নের হোটেলে আমাকে যে খাবার দেওয়া হয়েছিল তাতে বিষ ছিল। এছাড়া অন্য কিছু ঘটা সম্ভব নয়।” তিনি আরও জানান, সেই সময় তাঁর শরীরে গুরুতর ফ্লু-এর মতো উপসর্গ দেখা গিয়েছিল, যার ফলে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এও দাবি করেছেন যে সার্বিয়ায় ফিরে আসার পর টক্সিকোলজি পরীক্ষায় তাঁর শরীরে সীসা ও পারদের মতো ভারী ধাতুর উপস্থিতি বেশি মাত্রায় পাওয়া যায়।

প্রসঙ্গত, কোভিডের টিকা না নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে চাওয়ায় জোকোভিচের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া সরকার। যার ফলে তিনি ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি। যদিও পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ান ওপেন জেতেন। তবে ২০২২ সালের সেই ঘটনার স্মৃতি এখনও তাঁকে তাড়া করে বলে জানান জোকোভিচ। হেরাল্ড সানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শেষ কয়েকবার যখন আমি অস্ট্রেলিয়ায় এসেছি, প্রতিবারই তিন বছর আগের সেই স্মৃতি ফিরে এসেছে। ইমিগ্রেশন পার হওয়ার সময় এখনও অস্বস্তি হয়।”

তবে জোকোভিচ স্পষ্ট করে জানিয়েছেন যে মেলবোর্ন বা অস্ট্রেলিয়ার প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই। বরং এই ঘটনা তাঁর ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, “আমাকে এ বিষয়ে খোলাখুলি কথা বলতে হবে। তিন বছর আগের ঘটনায় আমার মনে কিছু trauma সৃষ্টি হয়েছে, যা এখনও রয়ে গেছে। ইমিগ্রেশন পার হওয়ার সময় আমি শুধু দেখি কেউ ইমিগ্রেশন জোন থেকে আসছে কিনা, তারা কি আমাকে আবার আটক করবে নাকি ছেড়ে দেবে।”

জোকোভিচের এই অভিযোগ টেনিস জগৎ এবং আন্তর্জাতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যদিও অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।