ভূমিকম্পে কাঁপল কলকাতাও, জেনেনিন পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হলো কম্পন?

কুয়াশাময় শীতের সকালে ঘুম ভাঙতেই মঙ্গলবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ। সকাল সাড়ে ৬টার পর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোথায় কোথায় কম্পন?

কলকাতায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কম্পন টের পাওয়া গেছে। মালদা সহ বিভিন্ন জেলা থেকেও কম্পনের খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের উৎসস্থল:

ভূমিকম্পের উৎসস্থল নেপালের উত্তর-পূর্বে লবুচে এলাকা। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.১। নেপালে সকাল ৬টা ৩৫ মিনিটে কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সকাল ৬টা ৩৫ মিনিটের পর ১ ঘণ্টায় ৬ বার ভূকম্প অনুভূত হয়েছে। নেপাল ভূমিকম্প প্রবণ এলাকা। অতীতেও এই দেশ একাধিক ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছে। মঙ্গলবার সকালে নেপালে সেই পুরনো স্মৃতি ফিরে আসে। ভূমিকম্পের আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দিল্লি-বিহারও কাঁপল:

নেপালে ভূমিকম্পের জেরে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের অন্যান্য এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। দিল্লি-এনসিআর এলাকা এবং বিহারের বিভিন্ন জেলাতেও ভূমিকম্প টের পাওয়া গেছে।