OMG! বউদিকে কুপিয়ে খুন দেওরের, দুর্গাপুর কাণ্ডে গ্রেপ্তার হলেন ১ জন

পারিবারিক অশান্তির জেরে বউদিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দেওরের বিরুদ্ধে। শনিবার সকালে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম বিন্দু রুইদাস (৩২)। এই ঘটনায় মৃতার শাশুড়িও আহত হয়েছেন। নিউ টাউনশিপ থানার পুলিশ অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে গ্রেপ্তার করেছে। আহত শাশুড়িকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বউদি বিন্দুর সঙ্গে বিষ্ণুর বচসা শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে বিষ্ণু ধারালো অস্ত্র দিয়ে বিন্দুর গলায় ও শরীরে একাধিকবার কোপ মারে। বিন্দুর শাশুড়ি তাকে থামাতে গেলে বিষ্ণু তার শরীরেও কোপ মারে। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।
বিন্দুর মৃত্যুর পর উত্তেজিত এলাকাবাসী বিষ্ণুর বাড়ি ভাঙচুর করে।
অভিযুক্ত বিষ্ণু রুইদাসের ভাইয়ের মেয়ে প্রিয়া রুইদাস জানান, বিন্দু তার কাকিমা এবং বিষ্ণু তার কাকু। সকালে তার মা ফোন করে জানান যে তারা দু’জন আবার ঝগড়া করছে। প্রিয়ার অভিযোগ, বিষ্ণুর কোনো রোজগার ছিল না এবং তার স্বভাবও ভালো ছিল না। এমনকি সে প্রিয়াকে মোবাইলে অশালীন ছবিও পাঠাত। প্রিয়া এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিষ্ণুর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে বিন্দু ও বিষ্ণুর মধ্যে ঝগড়া শুরু হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুবীর রায় জানান, অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই খুন হয়েছে। তবে অন্য কোনো কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।