‘ব্রেনে জমাট রক্ত,’- শচীনের ‘বন্ধু’ কাম্বলির কী অবস্থা? মেডিক্যাল টিম গড়ল হাসপাতাল

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির (Vinod Kambli) শারীরিক অবস্থা গুরুতর। মস্তিষ্কে রক্ত জমাট (Blood Clot) বাঁধার কারণে তাঁকে থানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, গত ২৩শে ডিসেম্বর (মঙ্গলবার) বিনোদ কাম্বলিকে হাসপাতালে ভর্তি করা হয়। ২১শে ডিসেম্বর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ৫২ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটারের মূত্রনালীর সংক্রমণে (Urine Infection) ভুগছেন এবং এর ফলে তাঁর শরীরে ক্র্যাম্পও হচ্ছে। চিকিৎসক বিবেক ত্রিবেদী জানিয়েছেন, এই সমস্যাগুলিরও চিকিৎসা চলছে।

চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন

কাম্বলির চিকিৎসার জন্য থানের হাসপাতাল কর্তৃপক্ষ একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছে। হাসপাতালের প্রধান এস সিং জানিয়েছেন, কাম্বলি যতদিন চিকিৎসাধীন থাকবেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব বহন করবে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ কাম্বলি

১৯৯৬ সালের বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম সদস্য এবং ওপেনিং ব্যাটার বিনোদ কাম্বলি প্রায় এক দশক ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। অবসরের পর থেকে তিনি আর্থিক সংকটেও দিন কাটাচ্ছেন। সম্প্রতি, তাঁর ছেলেবেলার কোচ রমাকান্ত আর্চরেকরের স্মরণসভায় বাল্যবন্ধু সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে কাম্বলির অসুস্থতা স্পষ্ট দেখা গিয়েছিল।

আর্থিক সাহায্য

কাম্বলির আর্থিক সংকটের সময় অনেক প্রাক্তন ক্রিকেটার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ২০১৩ সালে কাম্বলির হার্ট অ্যাটাক হয়েছিল। সম্প্রতি একটি পডকাস্টে তিনি স্বীকার করেছেন যে সেই সময় লীলাবতী হাসপাতালে তাঁর চিকিৎসার সমস্ত খরচ সচিন তেন্ডুলকর বহন করেছিলেন। সুনীল গাভাস্কার এবং কপিল দেবের মতো প্রাক্তন ক্রিকেটাররাও কাম্বলির সাহায্যে এগিয়ে এসেছেন।