“হাসপাতাল রেডি, ডাক্তার নেই”- স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বড় মন্তব্য করে বসলেন TMC-র রচনা

অভিনেত্রী রচনা ব্যানার্জী হুগুলির সাংসদ হওয়ার পর ব্যান্ডেল থেকে মেট্রো পরিষেবা শুরু করার কথা বলেছেন। ইতিমধ্যে কেন্দ্র সরকারকে এই বিষয়ে চিঠিও পাঠানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এর পাশাপাশি আজমের শরীফ যাওয়ার জন্য ব্যান্ডেল থেকে ট্রেনের ব্যবস্থা করার জন্য রেলমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছেন বলে জানিয়েছেন হুগুলির তৃণমূল সাংসদ। আর এই সম্পর্কিত কথা বলতে গিয়েই তিনি বাংলার জেলার স্বাস্থ ব্যবস্থা নিয়ে করে ফেললেন এক বড় মন্তব্য।

রচনা বন্দ্যোপাধ্যায় বলেন , “গ্রামের হাসপাতালে চিকিৎসকের একটা সমস্যা আছে । আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব । যাতে কিছু ভালো যোগ্য চিকিৎসক যাঁরা আছেন, তাঁরা শুধু শহরকেন্দ্রিক না ভেবে জেলা নিয়ে ভাবেন । গ্রামের অনেক ডাক্তার আছেন যাঁরা খুবই ভালো । তাঁরা যদি গ্রাম ছেড়ে শহরে চলে যান, তাহলে গ্রামের লোকদের কে দেখবেন ? তাই আমি চাই, ভালো ভালো ডাক্তাররা আসুন গ্রামের হাসপাতালে । বড় বড় হাসপাতালগুলো আমরা তৈরি করছি । পরিষেবাই যদি দিতে না পারি, তাহলে কোনও লাভ নেই ৷”

সাংবাদিকদের সামনে রচনা বলেন “বড় বড় হাসপাতালে রেডি করেছি কিন্তু ডাক্তার নেই।” তাঁর দাবি, চিকিৎসকরা শহরকেন্দ্রিক হয়ে যাচ্ছেন। চিকিৎসকদের উদ্দেশে রচনা বলেন, “আপনাদের বলব জেলার হাসপাতালগুলির দিকে একটু নজর দিন।” রচনা আরও বলেন, “মানুষকে তো সেই কলকাতাতেই ছুটতে হচ্ছে আর যেতে যেতে রাস্তায় মারা যাচ্ছে।”