‘পরিবহন দফতর হাত ছাড়া’- মন্ত্রিত্ব নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম

পার্থ চ্যাটার্জির গ্রেফতারির পর নতুন করে মন্ত্রীসভা গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নতুন মন্ত্রীসভা গঠনের পর ফিরহাদ হাকিমের কাছ থেকে ২টি দফতর কেড়ে নেওয়া হয়। ‘প্রচুর চাপ হয়ে যাচ্ছিল। তাই আমার থেকে নিয়ে নেওয়া হয়েছে। আমিই চেয়েছিলাম।’

আজ, বৃহস্পতিবার পরিবহন দফতরের দায়িত্ব ছাড়া নিয়ে স্পষ্ট জবাব দিলেন ফিরহাদ হাকিম। আবার অন্যদিকে, দায়িত্ব পেয়ে প্রথম দিন নিজের দফতরে এসেই নতুন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানালেন, ‘আগের পরিবহন মন্ত্রীর বাকি কাজ শেষ করব। তারপর রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আধুনিক করার দিকে জোর দেব।’

উল্লেখ্য, বুধবার রাজ্য মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন স্নেহাশিস চক্রবর্তীও। পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দফতর এবার তাঁর হাতে।

বৃহস্পতিবারই স্নেহাশিস চক্রবর্তী নতুন দায়িত্ব হাতে তুলে নিলেন। চেয়ারে বসে জানালেন, সদ্য প্রাক্তন ফিরহাদ হাকিমের স্বাক্ষরিত প্রকল্পগুলির কাজ শেষ করাই এখন তাঁর প্রাথমিক লক্ষ্য। সর্বোপরি মানুষের সেবায় তিনি নিজেকে নিয়োজিত রাখতে চান বলে জানিয়েছেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।