ভারত থেকে ব্যবসা গোটাচ্ছে Starbucks? গুঞ্জন স্পষ্ট করলো TATA

ভারতের প্রথম সারির এবং অন্যতম অভিজাত ক্যাফে চেইন স্টারবাকস কি ভারত থেকে ব্যবসা গুটিয়ে নেবে? এই জল্পনার অবসান ঘটিয়ে টাটা গোষ্ঠী জানিয়েছে যে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
ভারতে স্টারবাকসের ব্যবসায় টাটা কনজ়িউইমার প্রোডাক্টস লিমিটেড (TCPL)-এর ৫০:৫০ যৌথ উদ্যোগ রয়েছে। TCPL স্পষ্ট করে জানিয়েছে যে স্টারবাকস ভারত ছাড়ছে না।
সংস্থা জানিয়েছে, গত সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতের ৭০টি শহরে মোট ৪৫৭টি স্টারবাকস আউটলেট রয়েছে এবং ২০২৮ অর্থবর্ষের মধ্যে এই সংখ্যা ১০০০-এ নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে তাদের। ২০২৪ অর্থবর্ষে সংস্থার আয় ১২ শতাংশ বেড়ে ১২১৮.০৬ কোটি টাকায় পৌঁছেছে। যদিও ব্যবসা সম্প্রসারণের কারণে খরচ বাড়ায় ক্ষতির পরিমাণও বেড়েছে। একই সময়ে প্রোমোশনাল অ্যাক্টিভিটি বা বিজ্ঞাপনী কাজের জন্যেও খরচ বেড়েছে।
গত মাসেই TCPL-এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) সুনীল ডিসুজা পিটিআইকে জানিয়েছিলেন যে তাদের প্রধান লক্ষ্য হলো দেশে স্টারবাকস ক্যাফে চেনের সংখ্যা বাড়ানো। স্টোর প্রতি লাভের অঙ্ক বাড়ানোই তাদের একমাত্র লক্ষ্য নয়। নভেম্বরের শেষ সপ্তাহে তিনি বলেছিলেন, ‘স্টারবাকস নিয়ে আমাদের ভাবনা অত্যন্ত স্পষ্ট। স্টোর প্রফিটিবিলিটি কোনও বিষয় নয়। আমরা ব্যবসা বাড়াতে পারলে সেখান থেকে লাভ ঘরে তুলতে পারব।’
কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল যে, বেশি অপারেটিং কস্ট, ক্ষতির পরিমাণ বৃদ্ধি এবং অন্যান্য কিছু কারণে স্টারবাকস ভারত থেকে ব্যবসা গুটিয়ে ফেলতে পারে। কিন্তু টাটা গোষ্ঠী এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। ২০১২ সালে টাটার সঙ্গে যৌথ উদ্যোগে মুম্বইয়ের এলফিনস্টোন বিল্ডিংয়ে প্রথম আউটলেট খোলার মাধ্যমে ভারতে ব্যবসা শুরু করেছিল স্টারবাকস।
সুতরাং, টাটার এই বিবৃতির মাধ্যমে স্পষ্ট যে স্টারবাকস ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে এবং ভারত থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই।